ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তুরস্ক সফরে যাচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে শুক্রবার জানিয়েছেন তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান।
ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এই বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ এবং কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে দুরান উল্লেখ করেন।
যুদ্ধ অবসানের প্রচেষ্টায় তুরস্ক নিজেকে একটি কূটনৈতিক মধ্যস্থতাকারী দেশ হিসেবে উপস্থাপন করে আসছে। একইসঙ্গে কৃষ্ণসাগরে সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশটি তৎপর রয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের সাইডলাইনে এরদোয়ান ও জেলেনস্কি সাক্ষাৎ করেছিলেন। সে সময় তারা কৃষ্ণসাগরের নিরাপত্তা, ইউক্রেনের সামুদ্রিক রপ্তানি করিডোরের কার্যক্রম এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেছিলেন। সেই বৈঠকে জেলেনস্কি জানিয়েছিলেন যে, শান্তি আলোচনার জন্য তুরস্কের আয়োজনে কোনো ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন হলে ইউক্রেন তাতে অংশ নিতে আগ্রহী। এরদোয়ানও এমন আলোচনার আয়োজন করতে প্রস্তুতির কথা জানিয়েছিলেন।
তুরস্ক এর আগেও ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে আলোচনার আয়োজন করেছে এবং যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী নিষ্পত্তির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। আসন্ন এই বৈঠকটি দুই নেতার জন্য যুদ্ধ পরিস্থিতি, সামুদ্রিক নিরাপত্তা এবং তুরস্ক-ইউক্রেন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার আরেকটি সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।





























