এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৪৪.৯২ শতাংশ। এই ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। গত বছরের সাথে তুলনা করলে দেখা যায়, এবারের ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উভয়ই কমেছে। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৫০.২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।
ফলাফল প্রকাশের পর শনিবার বেলা ১১টায় শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচিব ড. আব্দুল মতিন এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন।
ফলাফল কমে যাওয়ার কারণ হিসেবে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা পদ্ধতি এবং খাতা মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন। মেধার সঠিক মূল্যায়নের কারণে এই ফলাফল হয়েছে এবং এ বিষয়ে কর্তৃপক্ষ সন্তুষ্ট বলে জানানো হয়। এছাড়া ইংরেজি, গণিত, আইসিটি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পাসের হার কম হওয়া এবারের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে, এবারের পরীক্ষায় বোর্ডের ১৬টি কলেজের সব শিক্ষার্থী ফেল করেছেন।





























