ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি জোরদার করা, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয়’ বিষয়ক এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী রাজধানীসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন শনাক্ত করার পাশাপাশি ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেন। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার সক্ষমতা বাড়ানোর দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। একই সঙ্গে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, উদ্ধার সরঞ্জামের পর্যাপ্ততা বাড়ানো, উদ্ধারকর্মীদের যথাযথ প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্পবিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























