প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম। শ্রমিকদের আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ নভেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এই আন্দোলনের পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং এটি প্রকৃত অর্থে শ্রমিকদের কোনো আন্দোলন নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শিল্প উৎপাদন এবং শ্রমিকদের কর্মসংস্থান যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের লক্ষ্যে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে এবং সেই বোর্ড তাদের কার্যক্রম শুরু করেছে। তাই বর্তমানে এ ধরনের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
নতুন মজুরি ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড তাদের সুপারিশ চূড়ান্ত করবে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ের আগেই এই ঘোষণা দেওয়া সম্ভব হলে তা শ্রমিকদের জন্য সবচেয়ে ভালো হবে বলে তিনি উল্লেখ করেন।



























