দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে বাংলালিংক 'মুক্ত পে' নামের একটি নতুন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলালিংক এই তথ্য জানিয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা টাকা পাঠানো, বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ এবং যেকোনো মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করার সুবিধা পাবেন। সেবার উদ্বোধন উপলক্ষে প্রথম তিন মাস বাড়তি চার্জ ছাড়াই টাকা পাঠানো ও বিল পরিশোধের সুযোগ থাকছে।
গ্রাহকরা গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে 'মুক্ত পে' অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর দিয়ে নিবন্ধন করে যেকোনো অপারেটরের গ্রাহকেরা এই সেবা নিতে পারবেন। তবে বাংলালিংক গ্রাহকদের জন্য ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ মুঠোফোনে *৫২৫# ডায়াল করে সেবাটি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। অ্যাপটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড থেকে ওয়ালেটে টাকা যোগ করার পাশাপাশি বাংলালিংকের সব সেবা ব্যবহারের সুবিধাও যুক্ত করা হয়েছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, মুক্ত পে-এর মাধ্যমে সংযোগ সেবার বাইরেও গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলালিংক। তিনি উল্লেখ করেন, স্মার্টফোন বা সাধারণ মুঠোফোন ব্যবহারকারী নির্বিশেষে ব্যক্তি, মার্চেন্ট ও ব্যবসায়ীরা ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন। বিশেষ করে যারা এখনো ডিজিটাল আর্থিক সেবার বাইরে আছেন, তাদের জন্য এটি একটি সহজ ও সহজলভ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
ব্যবসায়ীদের জন্য প্ল্যাটফর্মটিতে একটি আলাদা মার্চেন্ট অ্যাপ রয়েছে, যেখান থেকে তারা নিবন্ধন, পেমেন্ট গ্রহণ এবং লেনদেনের হিসাব দেখতে পারবেন। বাংলালিংকের চিফ ফিনটেক অফিসার দিমিত্রি কাশতানভ জানান, মুক্ত পে-এর মাধ্যমে তারা গ্রাহকদের দৈনন্দিন জীবনের আর্থিক লেনদেনের অংশ হতে চান। মুক্ত পে-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম জাকারিয়া বলেন, প্রথম লেনদেন থেকেই সেবাটি দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করার লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করেছেন। ভবিষ্যতে জাতীয় কিউআর পেমেন্ট সিস্টেম 'বাংলা কিউআর' যুক্ত হলে গ্রাহকেরা বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।






























