ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ও সাধারণ মানুষের জীবন রক্ষায় মার্কিন স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারশিল্ডের ওপর আরোপিত গতিসীমা তুলে নিতে যুক্তরাষ্ট্র সরকার এবং ধনকুবের ইলন মাস্কের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে এই সামরিক স্যাটেলাইট সেবার গতি কম থাকায় রুশ ক্ষেপণাস্ত্র ও দ্রুতগতির ড্রোন প্রতিহত করা কঠিন হয়ে পড়েছে।
ইতিহাস সঠিক পক্ষে থাকার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে ইউক্রেনীয় কর্মকর্তাদের মার্কিন প্রশাসন ও মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
রণাঙ্গনে যোগাযোগের জন্য ইউক্রেন সাধারণ স্টারলিংক ব্যবহার করলেও আকাশসীমায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র সনাক্ত করে তা ধ্বংস করতে মার্কিন সরকারের দেওয়া সামরিক স্তরের ‘স্টারশিল্ড’ প্রযুক্তি ব্যবহার করে। তবে গত অক্টোবর মাস থেকেই স্টারশিল্ডের সংযোগ গতিতে বিধিনিষেধের বিষয়টি সামনে আসে। জেলেনস্কি জানান, বিশেষ করে ফ্রন্টলাইন এবং সাময়িকভাবে রাশিয়ার দখলে থাকা এলাকাগুলোতে এই গতিসীমা বহাল থাকায় ইউক্রেনের তৈরি ইন্টারসেপ্টর ড্রোনগুলো তাদের পরিচালকদের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলছে।
ঘণ্টায় ১৬১ কিলোমিটার (১০০ মাইল) গতিতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেগুলো ইরানের নকশায় তৈরি রাশিয়ার দ্রুতগতির ‘শাহেদ’ ড্রোনগুলোকে ধাওয়া করে নাগাল পেতে পারছে না।
এই বিধিনিষেধের কারণে রাজনৈতিক জটিলতাও তৈরি হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চলে বিধিনিষেধ আরোপ করার অর্থ হলো পরোক্ষভাবে সেগুলোকে ইউক্রেনের অংশ নয় বলে স্বীকার করে নেওয়া। গত সোমবার থেকে শুধু দখলকৃত এলাকা ও সীমান্ত সংলগ্ন অঞ্চলে ১০০ মাইল গতিসীমা বেঁধে দেওয়া হয়।
এর আগে এ নিয়ে ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা যায়। মাস্ক দাবি করেছিলেন, স্টারশিল্ডের নিয়ন্ত্রণ মার্কিন সরকারের হাতে থাকায় তারাই দায়ী।
অন্যদিকে ট্রাম্প সেই দায় অস্বীকার করে জানান, তিনি মাস্ককে সংযোগ পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে বলেছিলেন। এক সপ্তাহ পর সেবা স্বাভাবিক মনে হলেও বাস্তবে ইউক্রেন জানায় বিধিনিষেধ বহালই রয়ে গেছে। তেলের শোধনাগারে ইউক্রেনীয় হামলার জেরে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এই সংযোগ সংকট দেখা দেয়।
ট্রাম্পের দাবি, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে, যদিও কিয়েভ বলছে মস্কোর যুদ্ধ তহবিলের মূল উৎস বন্ধ করতেই তারা এ হামলা চালাচ্ছে।
স্টারশিল্ডের গতিসীমার পাশাপাশি মার্কিন নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতেও ভুগছে কিয়েভ। এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া তাদের আক্রমণ জোরদার করেছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ইউক্রেনের জাপোরিজিয়া, সুমি, ওডেসা, ঝিতোমির এবং কিরোভোরাদ অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এছাড়া দিনিপ্রো, খারকিভ ও জাপোরিজিয়ার রেলপথ অবকাঠামোও হামলার শিকার হয়েছে।
এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন, যার মধ্যে দোনেৎস্ক ও কিয়েভ অঞ্চলে দু'জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চেরনিহিভ অঞ্চলের মেনা এলাকায় একটি অবকাঠামোতে হামলায় দু'জন নিহত হয়েছেন বলে অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ চাউস নিশ্চিত করেছেন। তিনি টেলিগ্রামে জানান, ওই অঞ্চলের একাধিক বিদ্যুৎ সুবিধাতেও হামলা চালানো হয়েছে।
পাল্টা পদক্ষেপে ইউক্রেনও রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে। কিয়েভের সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, ১৫ নভেম্বর রাতে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার তাতারস্তানের নিজনেকামস্ক শহরের একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট এবং তেল শোধনাগারে হামলা চালায়। তাদের দাবি, যুদ্ধ পরিচালনায় রসদ ও জ্বালানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠানে সফল আঘাত হানা হয়েছে।
সীমান্তবর্তী শিল্প নগরী তাগানরোগে ইউক্রেনীয় হামলায় একজন নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন। অন্যদিকে দখলকৃত লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় এক ট্রাক চালক ও এক বয়স্ক নারী নিহত হয়েছেন বলে মস্কো নিযুক্ত স্থানীয় নেতা লিওনিড পাসেচনিক জানান।
এদিকে রাশিয়া সীমান্তবর্তী দেশ এস্তোনিয়া ঘোষণা দিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে তারা রাশিয়ার সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেবে। থ্রিওড সিস্টেমস নামক একটি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে আটজনকে আটকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এস্তোনীয় কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর নির্দেশেই এই নাশকতার চেষ্টা চালানো হয়েছিল।
যদিও রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগাস সাহকনা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "রাশিয়াকে বুঝতে হবে এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুভাবাপন্ন আচরণের পরিণতি ভোগ করতেই হবে।"




























