দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন মানবিক সংকটে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকারের কাছে একটি নতুন নীতিমালা প্রণয়নের প্রস্তাব রেখেছে মাস্তুল ফাউন্ডেশন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্থাটির ১৪ বছর পূর্তি ও ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নীতিনির্ধারকদের সামনে এই আহ্বান জানান মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া তুরস্ক, গাজা, সুদান ও নেপালে সংস্থাটির আন্তর্জাতিক মানবিক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে কাজী রিয়াজ রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি প্রতিষ্ঠানের কাজের পরিধি ও সুযোগ আরও প্রসারিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি দেশের যে কোনো দুর্যোগ ও বন্যা সংকটে মাস্তুল ফাউন্ডেশনের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সংস্থাটির কার্যক্রমকে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার অনন্য প্রকাশ হিসেবে অভিহিত করেন। এছাড়া ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মাস্তুল মেহমানখানাসহ সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।
মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মেজর জেনারেল (অব.) কাজী ইফতেখার-উল-আলম এবং চিফ পাবলিক রিলেশনস অফিসার ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমান।
উল্লেখ্য, ২০১২ সালে পথশিশুদের শিক্ষার মাধ্যমে যাত্রা শুরু করা মাস্তুল ফাউন্ডেশন বর্তমানে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, জরুরি ত্রাণ ও যাকাত স্বাবলম্বী প্রকল্পের মতো বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া হাজারীবাগে এতিম ও বৃদ্ধদের জন্য সংস্থাটির একটি ইসলামিক শেল্টারহোম রয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম, অডিট রিপোর্ট ও দাতব্য উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.mastul.net/-এ পাওয়া যাবে।



























