যুক্তরাষ্ট্রে গত ১৩ নভেম্বর দেশব্যাপী বিমান চলাচল হঠাৎ স্থবির হয়ে পড়ার নেপথ্যে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) আরকানসাস ও টেক্সাসের দুটি কেন্দ্রকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। আরকানসাসের এল ডোরাডোর একটি রেডিও যোগাযোগ কেন্দ্র এবং টেক্সাসের আমারিলোর একটি রাডার কেন্দ্র থেকেই বিশাল অঙ্কের তথ্য প্রবাহের (ডাটা ফ্লাডিং) কারণে যোগাযোগ ব্যবস্থায় এই মারাত্মক বিভ্রাট ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি ১৫ নভেম্বর জানান, শুক্রবারের সেই দেশব্যাপী বিমান উড্ডয়ন স্থগিতকরণের সঙ্গে এই দুই কেন্দ্রের সমস্যার কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিএস নিউজের 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে ডাফি বলেন, এফএএ এবং তাদের নেটওয়ার্ক সেবাদাতা ঠিকাদারি প্রতিষ্ঠান 'এল৩ হ্যারিস' উভয় কেন্দ্রের রাউটারগুলো পরীক্ষার জন্য ফ্লোরিডার একটি গবেষণা পরীক্ষাগারে পাঠিয়েছে। ডাফি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "এই সমস্যার মূল কারণ কী ছিল—এল৩ হ্যারিসের ইনস্টলেশন সংক্রান্ত কাজ নাকি রাউটারের ত্রুটি—তা আমরা নিশ্চিত হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে মার্কিন জনগণকে বিস্তারিত জানাব।"
এফএএ প্রকাশিত রবিবার (১৫ নভেম্বর)-এর এক বিবৃতিতে বলা হয়, ওই ঘটনার আগে আরকানসাসের এল ডোরাডো রেডিও সাইটে পুরনো টেলিযোগাযোগ অবকাঠামো পরিবর্তন করে একটি নতুন রাউটার বসানোর কাজ করছিল এল৩ হ্যারিস। কিন্তু সেই কাজের পরপরই নেটওয়ার্কে প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে প্রায় ১,০০০টি সংযোগের অস্বাভাবিক চেষ্টা শুরু হয়। এই অতিরিক্ত ডাটা ট্রাফিকের ধাক্কায় এফএএ-এর পুরো টেলিযোগাযোগ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়ে, যা বিমানের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং রাডার সংকেত আদান-প্রদান ব্যাহত করে।
পরিস্থিতি বিগ্রাতে দেখে এল৩ হ্যারিস অবিলম্বে ওই দুটি কেন্দ্রকে মূল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়, যার পরপরই পুরো নেটওয়ার্ক পুনরায় স্থিতিশীল হয়ে আসে। পাশাপাশি সতর্কতা হিসেবে নতুন বসানো সব রাউটারের ব্রডকাস্টিং সুবিধাও নিষ্ক্রিয় করা হয়। এফএএ গত ১৩ নভেম্বর পূর্বাহ্ন সময় বেলা ৩:৩০ মিনিটে দেশব্যাপী বিমান উড্ডয়ন বন্ধের নির্দেশ (গ্রাউন্ড স্টপ) জারি করে এবং পরবর্তীতে সার্বিক ব্যবস্থা সুরক্ষিত ও স্থিতিশীল নিশ্চিত হওয়ার পর রাত ৮:১৫ মিনিটে পুনরায় আকাশপথ চালুর ঘোষণা দেয়।
এদিকে টেক্সাসের আমারিলো রাডার কেন্দ্রটি অতিরিক্ত ডাটা ওভারলোডের দ্বিতীয় উৎস হিসেবে চিহ্নিত হলেও সেটির ভূমিকা নিয়ে রহস্য কাটেনি। এফএএ জানিয়েছে, আমারিলো কেন্দ্রটি স্বাধীনভাবে বিকল হয়েছিল নাকি এল ডোরাডোর নেটওয়ার্ক গোলযোগের ফলে সৃষ্ট নেটওয়ার্ক চাপে এতে অস্বাভাবিক ট্রাফিক তৈরি হয়েছিল, তা তদন্তকারীরা এখনও নিশ্চিত হতে পারেননি।




























