নিজের ২৩তম জন্মদিন উদযাপনের দিনে ইতালিয়ান ক্লাব আটালান্টার সঙ্গে নতুন চুক্তি সই করেছেন ডিফেন্ডার লরেঞ্জো বেরনাসকোনি। ক্লাবটি তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
ক্লাবের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই নেরাজ্জুরি দলে যোগ দিয়েছিলেন বেরনাসকোনি। যুব দল ও ইউ-২৩ দলের হয়ে অভিজ্ঞতা অর্জন শেষে পর্যায়ক্রমে মূল দলে জায়গা করে নেন এই ইতালিয়ান। এরপর থেকে নিজের বিনয়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দলে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করেছেন। মাঠের ভেতরে ও বাইরে নিজের আচরণ দিয়ে তিনি অন্যদের জন্য উদাহরণ তৈরি করেছেন বলে উল্লেখ করে ক্লাবটি।
বিবৃতিতে আরও বলা হয়, পার্কাসি ও পালিউকা পরিবার, ক্লাবের ক্রীড়া ব্যবস্থাপনা বিভাগ এবং আটালান্টার সবাই নেরাজ্জুরিদের জার্সিতে বেরনাসকোনির ধারাবাহিক সাফল্য কামনা করছে। তাঁর ব্যক্তিগত ও দলীয় সমস্ত অর্জনের জন্য ক্লাব শুভকামনা জানিয়েছে।
আটালান্টার হয়ে বেরনাসকোনির এই নতুন চুক্তিটি আসল ক্লাবটির হয়ে তাঁর ৫০তম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পরপরই। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির ঠিক আগে মনিৎসার মাঠে ১-০ গোলের জয়ের ম্যাচটিতেই ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি।
বামপাশের এই তরুণ ডিফেন্ডারকে ঘিরে ইতালির ফুটবল পরাশক্তি যুভেন্টাসের আগ্রহ দেখা গিয়েছিল। আগামী জানুয়ারির দলবদল সামনে রেখে নতুন এক লেফট-ব্যাক খুঁজছে 'ওল্ড লেডি' খ্যাত যুভেন্টাস, এবং গত মাসে বেরনাসকোনিকে কেনার গুঞ্জন উঠেছিল। তবে আটালান্টার এই চুক্তি নবায়নের মাধ্যমে যুভেন্টাসের আগ্রহ আপাতত নস্যাৎ হতে যাচ্ছে।



























