বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে নতুন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তারকা পিতা-পুত্রকে এই প্রাণনাশের হুমকি দিয়েছেন।
সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল লরেন্স বিশ্নোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিকাশ ঠাকুর ও দীপক সিং নামে দুই সন্দেহভাজন শুটারকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীদের ধারণা, এই দুই ব্যক্তি মুম্বাইয়ে অমিতাভের বাড়ি ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। এছাড়া দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির উদ্দেশ্যে গুলি চালানোর আরেকটি পরিকল্পনার তথ্যও পেয়েছে পুলিশ।
তবে গোল্ডি ঢিলোঁ তার পোস্টে দাবি করেছেন, তার দুই সহযোগী গ্রেপ্তার হলেও মুম্বাইয়ে অমিতাভ বচ্চনকে নিশানা করার পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না। তার প্রায় ২০০ সহযোগী মুম্বাইয়ে সক্রিয় রয়েছেন এবং তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে তিনি দাবি করেন।
পোস্টে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ তুলে গোল্ডি হুঁশিয়ারি দিয়েছেন যে, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বললে কাউকে ক্ষমা করা হবে না। অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, তাদের নিরাপত্তার জন্য যত কড়া ব্যবস্থাই নেওয়া হোক না কেন, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না। যদিও এই পোস্টের সত্যতা এবং তাতে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত এক মাসে অমিতাভের বাড়ি ‘জলসা’কে লক্ষ্য করে তিনটি বোমা হামলার হুমকির ইমেইল আসার পর থেকেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত ১ নভেম্বর অমিতাভ তার সাপ্তাহিক ভক্তদের সঙ্গে দেখা করার সময়ও এই কড়াকড়ি লক্ষ্য করা গেছে। সাধারণত অভিনেতা চাকার ওপর বসানো উঁচু মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেও, সেদিন সেই মঞ্চের তিন দিক বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল এবং তিনি সুরক্ষাবেষ্টনীর ভেতর থেকেই শুভেচ্ছা জানান।



























