নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
এর আগে, আজ রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের উপস্থিতিতে একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন কানুন পর্যালোচনা করা হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ও করণীয় নির্ধারণে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করবেন সিইসি। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে সিইসি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে জানা গেছে, নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ উদ্দেশ্যে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নাম তথা ভোটার তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। প্রাপ্ত তালিকার ভিত্তিতে ইসি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপরই রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। এসব প্রক্রিয়াসংক্রান্ত বিষয় নিয়েই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করবেন সিইসি।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের নিয়মানুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।




























