বাংলাদেশে বর্তমানে প্রায় ৪ কোটি শিক্ষিত বেকার যুবক রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের শিক্ষার্থীদের সামনে এখন এক বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিগত ১৫ বছরে দেশের অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনর্গঠন করা বেশ কঠিন কাজ। চারদিকের নানা অনিয়ম ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে তরুণ প্রজন্মের ভবিষ্যৎও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
দেশের তীব্র বেকারত্ব পরিস্থিতি তুলে ধরে তিনি উল্লেখ করেন, বর্তমানে একটি পদের বিপরীতে লাখ লাখ চাকরিপ্রার্থীর আবেদন জমা পড়ছে। এই বিশাল বেকারত্ব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয় এবং এর জন্য নতুন করে কাজ শুরু করতে হবে। এই পরিস্থিতিতে তিনি কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সাথে দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
কৃষিভিত্তিক শিল্পের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘অ্যাগ্রিকালচার হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে।
ছাত্ররাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাজনীতি হওয়া উচিত দেশ ও মানুষের কল্যাণের স্বার্থে। তিনি দাবি করেন, বিগত ১৭ বছরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলা হয়েছে এবং বর্তমানে সেগুলো পুনর্গঠনের কাজ চলছে।
দেশের চলমান জ্বালানি সংকটের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গ্যাস ও তেলের তীব্র সংকট উন্নয়নের পথে একটি বড় অন্তরায়। এই সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি ও গ্রিন এনার্জির (সবুজ শক্তি) দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। পরিশেষে, দেশের সার্বিক পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

























