নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় জরুরি সেবা সংস্থা শনিবার এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার এক এলাকা থেকে অন্য এলাকায় দাফনানুষ্ঠানের যাত্রী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান।
সংস্থার মুখপাত্র আরও জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে, তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা নির্দিষ্ট করে বলা হয়নি। এর আগে শুক্রবার নাইজেরিয়া পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, নদী থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয়েছে। অবশ্য দুর্ঘটনাকবলিত নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা সরকারিভাবে জানা যায়নি।
পুলিশ মুখপাত্র মুসা মোহাম্মদের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি বিপদে পড়ে। ত্রুটি দেখা দেওয়ার পর যাত্রীরা চালককে তীরের দিকে নৌকা ভিড়ানোর অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু চালক তা প্রত্যাখান করেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে দুর্ঘটনা ঘটার পর নৌকাটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও নৌকার ম্যানেজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌযান চালক ও যাত্রীদের সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে বায়েলসা রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, "অতিরিক্ত যাত্রী পরিবহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া যাত্রা করা অবিলম্বে বন্ধ করতে হবে। কোনো ভ্রমণই জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না।" উল্লেখ্য, নাইজেরিয়ায় নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। সঠিক নজরদারি ও নিরাপত্তা আইনের প্রয়োগ না থাকায় দেশটির জলপথে প্রায়শই ত্রুটিপূর্ণ ও লাইফ জ্যাকেটবিহীন নৌযান চলাচল করে থাকে।






























