মেক্সিকোর সশস্ত্র বাহিনীর অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের 'শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড' তালিকাভুক্ত মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেস গ্রেপ্তার হয়েছেন। "এল চাপো ইসিদ্রো" নামে পরিচিত এই গ্যাং প্রধানকে আটকের পর দেশটির সিনালোয়া রাজ্যে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
মেক্সিকোর ন্যাশনাল ডিফেন্স সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছে যে, গত শুক্রবার রাতে সিনালোয়ার গুয়াসাবে শহরের একটি বাড়িতে এ ঝটিকা অভিযান চালানো হয়। মেক্সিকোর এলিট মিলিটারি এজেন্টরা অতি গোপনে এলাকাটিতে পৌঁছান এবং মেজা-ফ্লোরেসের পালিয়ে যাওয়া রোধে বাড়িটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন। একই সময়ে সিনালোয়া থেকে কার্টেলের অতিরিক্ত সদস্যরা এসে যেন অভিযানে বাধা দিতে না পারে, সে ব্যবস্থাও করা হয়। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও বিস্ফোরক ছোঁড়া হলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে, যাতে ৭ জন হামলাকারী নিহত হয়। পরবর্তীতে সেনা সদস্যরা ঘরে ঢুকে মেজা-ফ্লোরেস, তাঁর প্রধান দুই সহযোগী—দ্বিতীয় প্রধান কমান্ডিং অফিসার "জার্মান" ও অর্থ ব্যবস্থাপক "হোসে এন"—এবং আরও পাঁচ সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করেন। আটক ব্যক্তিদের মধ্যে মেজা-ফ্লোরেসের এক ফার্স্ট কাজিন রয়েছেন, যিনি এই কার্টেলের লজিস্টিকস অপারেশনের দায়িত্বে ছিলেন।
অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ, ১০টি আগ্নেয়াস্ত্র, একটি গ্রেনেড লাঞ্চার এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ছদ্মবেশী পোশাকে ভারী সশস্ত্র সেনারা অনুজ্জ্বল আলোযুক্ত একটি বাড়ি থেকে মেজা-ফ্লোরেসকে ধরে এনে একটি সামরিক ট্রাকের পেছনে তুলে নিচ্ছেন। পরবর্তীতে মেজা-ফ্লোরেস ও তাঁর শীর্ষ দুই সহযোগীকে উড়োজাহাজে মেক্সিকো সিটিতে এনে অর্গানাইজড ক্রাইমের জন্য নির্ধারিত বিশেষ প্রসিকিউটরের কার্যালয়ে হস্তান্তর করা হয়। বাকি পাঁচজন আসামিকে সিনালোয়াতেই হেফাজতে রাখা হয়েছে।
মেক্সিকোর সিনালোয়াভিত্তিক মেজা-ফ্লোরেস আন্তর্জাতিক অপরাধ সংস্থাকে এফবিআই একটি "ভারী অস্ত্রে সজ্জিত বড় ধরনের মাদক চোরাচালানকারী সংস্থা" হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন তদন্ত সংস্থার মতে, এই কার্টেলটি যুক্তরাষ্ট্রে হেরোইন, মেথ্যামফেটামিন, কোকেন, ফেন্টানিল এবং গাজা সরবরাহ, পরিবহন ও আমদানির জন্য দায়ী। এছাড়া মেক্সিকোজুড়ে এসব মাদকের উৎপাদন ও বিতরণও তারা নিয়ন্ত্রণ করত। ২০১২ এবং ২০১৯ সালে মেজা-ফ্লোরেসের বিরুদ্ধে মার্কিন আদালতে একাধিক মাদক চোরাচালান এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়। এফবিআই তাঁকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছিল এবং তাঁর খোঁজ বা গ্রেপ্তারে সহায়তার জন্য ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছিল।
মেক্সিকো সরকার শনিবার সকালে জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই দুই দেশ সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসন এক্সে জানান, দুই দেশের মধ্যে "কৌশলগত গোয়েন্দা তথ্য বিনিময়" এই সফল অপারেশনকে সম্ভব করে তুলেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এক পোস্টে উল্লেখ করেন, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্সের সমন্বিত যৌথ প্রচেষ্টার সহায়তায় মেক্সিকো সরকার এই গ্রেপ্তার প্রক্রিয়া সম্পন্ন করেছে।
মাদকসম্রাটকে গ্রেপ্তারের পর সিনালোয়ার গুয়াসাবে শহরে ব্যাপক রক্তক্ষয়ী সহিংসতা দেখা দেয়। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, একটি বেসবল ম্যাচ চলাকালীন গুলির শব্দ শুনে আতঙ্কিত দর্শকরা চিল চিৎকার করে পালিয়ে যাচ্ছেন এবং রাস্তায় একাধিক গাড়িতে আগুন জ্বলছে। এলাকাটিতে নিরাপত্তা জোরদার করতে যাওয়ার পথে মেক্সিকান সেনাবাহিনীর নিয়মিত পদাতিক বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন বলে স্বীকার করেছে দেশটির ন্যাশনাল ডিফেন্স সচিবালয়। তবে মেক্সিকোর নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ জানিয়েছেন, সাধারণ মানুষকে সুরক্ষায় সিনালোয়ায় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে এবং এই গ্রেপ্তার রাজ্যটিতে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তীব্র চাপের মুখে রয়েছেন, তখনই এই হাই-প্রোফাইল গ্রেপ্তারের ঘটনা ঘটল। শেইনবাউম তাঁর পূর্বসূরীদের চেয়ে গ্যাংগুলোর বিরুদ্ধে অধিক আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছেন, যার ফলে তাঁর দায়িত্ব নেওয়ার দুই বছরে দেশটিতে হত্যাকাণ্ডের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী কার্টেল নেতা "এল মেঞ্চো" নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন, যা তখনকার সময়েও সিনালোয়ার মতোই তীব্র সহিংসতা ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটিয়েছিল।






























