ইউক্রেনের রাজধানী কিভে অক্টোবরে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ার কয়েক সপ্তাহ পরও নিজের ছোট্ট ফ্ল্যাটে কাচের টুকরো খুঁজে পাচ্ছেন ওলেকসান্দ্রো হোরবান। নিচতলার ফ্ল্যাটের বাইরে দুমড়েমুচড়ে যাওয়া জানালার ফ্রেম, কাদা আর শরতের ঝরা পাতার সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা কাচ। তিনি তাঁর দুই বছর বয়সী ছেলে ভ্যাচেস্লাভের কাচের গুঁড়ো মেখে যাওয়া প্লাশ খেলনাগুলো ফেলে দিতে বাধ্য হয়েছেন। হোরবান আক্ষেপ করে বলেন, "তিনবার ভ্যাকুয়াম করে মেঝে পরিষ্কার করার পরও বিছানায় বা খেলনার মধ্যে কাচের অণুবীক্ষণিক টুকরো পাওয়া যায়।"
শীত শুরু হতেই ইউক্রেন জুড়ে জানালার তীব্র সংকট দেখা দিয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রতিনিয়ত নতুন নতুন ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ কনকনে ঠান্ডার মুখে পড়েছেন। গত শীত মৌসুমে কিভে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ৪ ডিগ্রি ফারেনহাইট)। এর মধ্যে সরকার থেকে ক্ষতিপূরণ পেতে কয়েক মাস লেগে যাচ্ছে, অন্যদিকে দক্ষ টেকনিশিয়ান বা মিস্ত্রির অভাব এবং লাগামহীন খরচের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিল্পাঞ্চলের কাছের নিম্নআয়ের বাসিন্দারা।
হোরবান কিভের বিশ্ববিদ্যালয় বা সোভিয়েত আমলের একটি বিশাল অ্যাপার্টমেন্ট ব্লকে বাস করেন। অক্টোবরের হামলায় ওই ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শত শত কাচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। বর্তমানে বেশিরভাগ ভেঙে যাওয়া জানালা সাময়িকভাবে ফাইবারবোর্ড বা তার্পোলিন দিয়ে ঢেকে রাখা হয়েছে, আর দিনের আলো প্রবেশের জন্য কিছু বোর্ডে ছোট প্লেক্সিগ্লাস লাগানো হয়েছে। হোরবানের ফ্ল্যাটের জন্য নতুন জানালা বসাতে খরচ হবে প্রায় ১,৭০০ ডলার, যা ইউক্রেনের গড় বেতনের চেয়ে তিন গুণেরও বেশি। সরকারি ক্ষতিপূরণের আবেদন মঞ্জুর হতে তিন থেকে চার মাস পর্যন্ত সময় লাগে, অথচ ঠান্ডা, স্যাঁতসেঁতে পরিবেশ ও ব্ল্যাকআউটের কারণে সৃষ্ট ছাঁচ থেকে বাঁচতে এই শীতের দিনে এত দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব নয়।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ দেশটির আনুমানিক ৩০ লাখ আবাসন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যা ইউক্রেনের পুনর্নির্মাণ ব্যয়ে অতিরিক্ত ৯ হাজার কোটি (৯০ বিলিয়ন) ডলার যোগ করেছে। তবে এই মুহূর্তে মূল সমস্যা জানালা তৈরির কারখানাগুলোর নয়, বরং দক্ষ মিস্ত্রির সংকট। অ্যাসোসিয়েশন অব ইউক্রেনিয়ান ম্যানুফ্যাকচারার্স অব ট্রান্সপারেন্ট স্ট্রাকচারসের নির্বাহী পরিচালক মাইখাইলো ওরলেঙ্কো জানান, কারখানাগুলোতে মাত্র ১০ কার্যদিবসে জানালা প্রস্তুত করা গেলেও কর্মচারীদের সামরিক সেবা থেকে অব্যাহতি দিতে না পারায় বড় সংখ্যার দক্ষ কর্মী হারিয়েছে বাজার। চাহিদা বেশি থাকায় গত এক বছরে জানালা বসানোর খরচ অন্তত দ্বিগুণ হয়েছে।
২৫ বছর ধরে এই পেশায় যুক্ত ৪২ বছর বয়সী ওলেকসান্দর জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাটারিচালিত যন্ত্র ব্যবহার করতে হচ্ছে এবং লিফট বন্ধ থাকায় সিঁড়ি বেয়েই ভারী মালামাল তুলতে হয়। সম্প্রতি একটি ৪ তলা ভবনের ফ্ল্যাটে বেলকনির দরজা ও জানালা বদলাতে তাঁর টিমকে লিফটের জন্য অপেক্ষা না করে ১৮ বার ভারী জিনিস নিয়ে সিঁড়ি দিয়ে আসা-যাওয়া করতে হয়েছে। রুশ বাহিনীর বেসরকারি ব্যবসায় লক্ষ্যবস্তু করার আশঙ্কায় তিনি নিরাপত্তা স্বার্থে শুধু প্রথম নাম প্রকাশ করেছেন।
দক্ষ জনবলের এই তীব্র ঘাটতি মেটাতে কিভের একটি ভোকেশনাল কলেজে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গত মার্চে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। পেশাদার সমিতিগুলোর দাবির মুখে সরকার জানালা বসানোকে আনুষ্ঠানিক পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই তিন বছরের কোর্স শুরু হয়। সেখানে নতুন ওভারঅল পরিহিত ২৬ জন ১০ম শ্রেণির শিক্ষার্থী ইট, সিডার ব্লক ও কাঠের তৈরি কৃত্রিম কাঠামোর সামনে দাঁড়িয়ে কাজ শিখছে। যদিও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে উঠলে প্রায়ই তাদের পাঠদান ব্যাহত হয়।
পড়াশোনা শেষ করার পর এসব শিক্ষানবিসদের শুরুতেই প্রায় ৯০০ ডলার বেতন প্রত্যাশা করার সুযোগ রয়েছে, যা দেশটিতে মেধা পাচারের কারণে একজন আইন স্নাতকের শুরুর বেতনের সমান। প্রশিক্ষক ভলোদিমির সারবি আশা প্রকাশ করে বলেন, এই শিক্ষার্থীরা ইউক্রেন পুনর্নির্মাণে বড় ভূমিকা রাখবে। তবে সরকারি পরিকল্পনাকারীদের মতে, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সড়ক, বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো পুনর্নির্মাণে অন্তত এক দশক সময় লাগবে।
এদিকে হোরবানের পরিবারে সংকটের শেষ নেই। গ্যাস সংযোগ না থাকায় পোর্টেবল সিলিন্ডারে রান্না সারতে হচ্ছে, বিদ্যুৎ এলে কেবল ছেলের ঘর উত্তপ্ত করা সম্ভব হয়, তার ওপর আবার রান্নাঘরের ছাদ চুইয়ে পানি পড়ে। হামলায় বেঁচে যাওয়া জানালার কাচে নাক ঠেকিয়ে হোরবানের শিশুসন্তান ভ্যাচেস্লাভ পথচারীদের দিকে হাত নাড়ে এবং জানতে চায় আরও বোমা পড়বে কি না। ভ্যাচেস্লাভ বোমার শব্দ বোঝাতে বলে, "বাম বাম?" হোরবান উত্তর দেন, "না, আর বাম বাম হবে না।" নিজের জীবন নিয়ে হতাশা প্রকাশ করে হোরবান বলেন, "এটি কোনো জীবন নয়, এটি কোনোমতে টিকে থাকা।"



























