আমেরিকান ব্যাংকার জন পিয়ারপন্ট মরগানের সাবেক মালিকানাধীন ১৭৩০-এর দশকের একটি বিরল রূপার স্যুপের পাত্র লন্ডনে নিলামে উঠতে যাচ্ছে। ফরাসি শিল্পী ও স্বর্ণকার জুস্ত-ওরেল মিজোনিয়ের তৈরি এই পাত্রটির সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছে ৪০ লাখ থেকে ৬০ লাখ পাউন্ড বা প্রায় ৫.২৫ মিলিয়ন থেকে ৭.৮৬ মিলিয়ন ডলার। আগামী ১ ডিসেম্বর ক্রিস্টিজ নিলাম ঘরে আকর্ষণীয় এই শিল্পকর্মটি বিক্রি করা হবে।
ঝাঁকঝমকপূর্ণ রোকোকো শৈলীতে তৈরি ‘মিজোনিয়ে টুরিন’ নামের এই বিশাল পাত্রটির দৈর্ঘ্য প্রায় ৪৬ সেন্টিমিটার (দেড় ফুটের বেশি) এবং ওজন প্রায় ২০ কেজি বা ৪৪ পাউন্ড। নিলাম সংস্থা ক্রিস্টিজের বিশেষজ্ঞ ইসাবেল কার্টিয়ের-স্টোন জানান, অনন্য এই পাত্রটি মূলত মানুষকে "বিস্মিত করার জন্যই নকশা করা হয়েছিল।" ক্যাটালগের বিবরণ অনুযায়ী, পাত্রটির আকৃতি একটি রীতিবদ্ধ শামুকের মতো। এর ঢাকনিতে রূপায় খোদাই করা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর নিখুঁত নকশা রয়েছে, যার মধ্যে আর্টিচোক ও অন্যান্য পাতাবহুল সবজির মাঝে হাঁস, কাঁকড়া, মাছ, ঝিনুক ও শামুকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
ঐতিহাসিক এই রূপার পাত্রটির মালিকদের তালিকায় ব্রিটিশ অভিজাত শ্রেণি, রুশ রাষ্ট্রনায়ক এবং বিখ্যাত আমেরিকান ব্যাংকার জে পি মরগানের নাম রয়েছে। ১৯৭৭ সালে নিলামে একসঙ্গে তোলার পর একই চেহারার দুটি জোড়া পাত্র আলাদা হয়ে যায়। এই জোড়ার অপর পাত্রটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড মিউজিয়াম অব আর্টে সংরক্ষিত রয়েছে।
বর্তমানে এটি আর্জেন্টিনার ধনী সংগ্রাহক ব্লাকিয়ার-আরিয়েতা পরিবারের রূপার সংগ্রহের অংশ হিসেবে বিক্রি করা হচ্ছে। সম্প্রতি এই একই পরিবারের মালিকানাধীন এক ডজন চিত্রকর্ম সোথবিসে ৪১২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। সেই নিলামে বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ (ফুটে থাকা চেস্টনাট গাছ) চিত্রকর্মটি ১৯০.৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়।






























