জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে ফ্যাসিবাদ ও জুলাই সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ। নাহিদ ইসলাম জানান, জাতীয় সংসদে দেওয়া বক্তব্যেও প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন, যা বিরোধী দলগুলোর পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে। বর্তমানে এনসিপি’র সঙ্গে আলোচনার মাধ্যমে এই সংলাপ প্রক্রিয়া শুরু হলেও অন্যান্য দলের সঙ্গে বৈঠকের সূচি এখনো চূড়ান্ত হয়নি।
প্রধানমন্ত্রী ও এনসিপি প্রতিনিধি দলের আলোচনায় বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, বর্তমান অস্থিতিশীলতা একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকে গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিভাগে আপসকামিতা, আওয়ামী লীগের প্রতি নমনীয় অবস্থান এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো অস্পষ্ট থাকার ফলেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে ভারতের কাছে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার বিষয়ে কঠোর বার্তা দেওয়ার ওপর জোর দেন।
নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ও গণহত্যাকারী হিসেবে অভিহিত করে তাকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকরের দাবি জানান। তিনি অভিযোগ করেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিয়ে তাদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ দিচ্ছে। তিনি আরও বলেন, এখনকার লড়াই কেবল আওয়ামী লীগের সঙ্গে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যারা আওয়ামী লীগ ও এদেশীয় শক্তিকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এছাড়া সীমান্তে হিন্দুত্ববাদী সংগঠনের সমাবেশ ও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টার তীব্র নিন্দা জানান তিনি। নাহিদ ইসলাম উল্লেখ করেন, বাস্তবতা হলো ভারতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেশি ঘটছে, যা বিশ্বপর্যায়ে তুলে ধরা প্রয়োজন। ওসমান হাদির হত্যাকারীদের বিচার এবং জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
নাহিদ আরও বলেন, ‘এটি এখন শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির বিষয় নয়; বরং ভূরাজনৈতিক পর্যায়ে চলে গেছে। আমাদের খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, এখনকার লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। আওয়ামী লীগকে আমরা ৫ আগস্ট পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ এবং তাদের এদেশীয় বিভিন্ন শক্তিকে ব্যবহার করে
এর আগে এদিন দুপুর ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসে এনসিপি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।






















