গ্যাসের দাম বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে পেট্রোবাংলা ঘেরাও করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার সময় তিনি এ কথা বলেন। হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আলিফ চৌধুরী এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।
নাহিদ ইসলাম জানান, আলিফ চৌধুরীর চিকিৎসার বিষয়ে শনিবার বোর্ড মিটিংয়ের পর চিকিৎসকরা বিস্তারিত জানাবেন। এ সময় তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, মাত্র পাঁচ মাসের ব্যবধানে সরকার কয়েক দফা জ্বালানির দাম বাড়িয়েছে। অথচ অনেক এলাকায় গ্যাস সরবরাহ না থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।
হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির দিকে অভিযোগের আঙুল তুলে নাহিদ ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, সরকার এমন বার্তা দিচ্ছে যে ছাত্রদল ও যুবদল চাইলে যেকোনো কাউকে মারতে পারে এবং এর কোনো প্রতিবাদ হয় না। স্থানীয় পর্যায়ে সরকারি দলের এমপিদের আসল চরিত্র ফুটে উঠছে বলেও তিনি মন্তব্য করেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব ছড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন, সরকার ১২টি প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোকদের বসিয়েছে, যদিও তিনি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। তিনি সতর্ক করে বলেন, সরকার খুব শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে এবং জনগণের ওপর এমন আচরণ মেনে নেওয়া হবে না। এছাড়া প্রধানমন্ত্রী ও তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম দাবি করেন, তারেক রহমান দেশ ও দল চালাতে ব্যর্থ হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জের সংঘর্ষে আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

























