ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এই নৌপথ দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এই ইঙ্গিতে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যমানের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেল প্রতি প্রায় পাঁচ শতাংশ কমে ৮০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও পাঁচ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে দাঁড়িয়েছে। উভয় ধরনের তেলের দামই গত ১৩ই জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই আলোচনার অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে আগের দফার আলোচনাগুলো ব্যর্থ হওয়ায় তেলের বাজারে এখনো অস্থিরতা বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।































