একটি জাতির মেরুদণ্ডকে মজবুত করার প্রধান হাতিয়ার হলো সময়োপযোগী কারিকুলাম ও স্বচ্ছ মূল্যায়ন পদ্ধতি। সাম্প্রতিক সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা ও পাঠ্যসূচি নিয়ে যে ব্যাপক পরিবর্তনের আলোচনা চলছে, তা জাতির জন্য নতুন দিগন্তের ইঙ্গিত দেয়। বিশেষ করে পরীক্ষায় নকল ও অসদুপায় বন্ধে কঠোর অবস্থান এবং কারিকুলামে আনা সংশোধনী শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য অপরিহার্য। পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন কেবল একটি অপরাধ নয়, বরং এটি শিক্ষার্থীর সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে সমূলে বিনাশ করে। এই ব্যাধি দূর করতে কেবল পরীক্ষার হলে কঠোরতা নয়, বরং শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক পরিবর্তনের প্রয়োজন। নতুন সংস্কারে প্রশ্নপত্রের কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে যেখানে মুখস্থ নির্ভরতা দিয়ে পার পাওয়া সম্ভব নয়। যখন মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীর সৃজনশীল মেধা ও ব্যবহারিক জ্ঞানের ওপর ভিত্তি করে হবে, তখন নকল করার প্রয়োজনীয়তা ও সুযোগ উভয়ই হ্রাস পাবে।
বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের পাঠ্যক্রমকে জীবনমুখী ও দক্ষতানির্ভর করে গড়ে তুলতে হবে। আগের কারিকুলামে তাত্ত্বিক জ্ঞানের আধিক্য থাকলেও ব্যবহারিক প্রয়োগের অভাব ছিল। সংশোধিত কারিকুলামে পাঠ্যবইয়ের বোঝা কমিয়ে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া বছরের শেষে একটি বড় পরীক্ষার ওপর নির্ভর না করে সারা বছরের ধারাবাহিক মূল্যায়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যা পরীক্ষার চাপ ও ভীতি অনেকাংশেই কমিয়ে আনবে। সাধারণ শিক্ষার পাশাপাশি জীবন ও জীবিকার প্রয়োজনে কারিগরি দক্ষতা অর্জনের পথও প্রশস্ত করা হচ্ছে।
এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিভাবকরা। সন্তানের সাফল্য তাদের স্বপ্ন, কিন্তু অনেক সময় তারা অজান্তেই সন্তানের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করেন। ভালো ফল অর্জনের তাগিদ, অন্যের সন্তানের সঙ্গে তুলনা কিংবা নিজের অপূর্ণ স্বপ্ন চাপিয়ে দেওয়ার ফলে শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা নিয়ে সন্দিহান হয়ে পড়ে এবং পরীক্ষাকে ভয় পেতে শুরু করে। অভিভাবকদের বুঝতে হবে যে সন্তানের সামর্থ্য ও সীমাবদ্ধতাকে সম্মান করা জরুরি। উৎসাহ দেওয়া প্রয়োজন, কিন্তু চাপ সৃষ্টি করা নয়। একটি ইতিবাচক ও সমর্থনমূলক পরিবেশ শিক্ষার্থীর মানসিক দৃঢ়তা বাড়ায় এবং তাকে সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করে।
শিক্ষকদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে পারেন এবং একটি সহানুভূতিশীল পরিবেশ তৈরি করেন, তবে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়া নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গ্রামীণ ও শহর অঞ্চলের শিক্ষার মানের বৈষম্য দূর করতে প্রযুক্তির সুষম বণ্টন প্রয়োজন। পাশাপাশি অভিভাবকদের মানসিকতার পরিবর্তনও এখানে বড় ভূমিকা রাখবে—জিপিএ-৫ এর অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে সন্তান কতটা শিখল, সেই বিচারে তাদের উৎসাহিত করতে হবে।
তবে ভর্তি নীতিমালা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। ভর্তি প্রক্রিয়া জটিল হওয়ায় এবং কোন কলেজে আবেদন করলে বেশি সুযোগ থাকবে সে বিষয়ে স্পষ্ট ধারণার অভাবে অনেকেই ভুল পছন্দক্রম বেছে নেন। পাশাপাশি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ সাধারণ পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা ইন্টারনেট সুবিধা ও সঠিক দিকনির্দেশনার অভাবে আবেদন প্রক্রিয়াতেই পিছিয়ে পড়ছে। ফলে মেধা থাকা সত্ত্বেও তারা ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হারায়। বিশেষজ্ঞরা মনে করেন, ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আসনসংখ্যা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। অন্যথায় প্রতি বছরই এসএসসি-পরবর্তী ভর্তি নিয়ে এই বিড়ম্বনা চলতেই থাকবে।
পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ এবং যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা কেবল সনদধারী নয় বরং দেশপ্রেম ও আন্তর্জাতিক মানের দক্ষতায় বলীয়ান হবে। সরকারের এই ইতিবাচক উদ্যোগ সফল করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কাম্য।






























