ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমি চাই তিনি দেশে ফিরে গণহত্যার দায়ভার গ্রহণ করে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। আইনের ক্ষমতা অত্যন্ত দীর্ঘ এবং এটি নিজস্ব গতিতেই চলবে। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে, যা অস্বীকার করার সুযোগ নেই। তিনি যদি সত্যের মুখোমুখি হতে চান, তবে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হোন। তার বিরুদ্ধে ক্রসফায়ারে সাড়ে চার হাজার মানুষ হত্যা এবং জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার মতো ভয়াবহ অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অনেকে বলছেন তিনি ভিডিও বার্তায় কথা বলেছেন, কিন্তু সেটি ছিল রেকর্ড করা অডিও। এমনকি সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দ্বারা তৈরি কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকেই বক্তব্য দিন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি।
যারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে সরব, তাদের নিজেদের বিবেককে প্রশ্ন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এত অভিযোগ ও ঘটনার পরও তিনি কি কখনও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? নিজের অপরাধ স্বীকার না করে তার ফিরে আসার দাবি কতটা যৌক্তিক, সেই প্রশ্নও তোলেন তিনি।
সূত্র: মানবজমিন




























