বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে। গত শুক্রবার (০৭ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে "বিল্ডিং হিউম্যান ক্যাপিটাল থ্রু ভিএলএসআই: টুওয়ার্ডস এ সেমিকন্ডাক্টর-রেডি বাংলাদেশ" শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক এসবিট ইনক-এর প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও সিইও এবং সিলিকন ভ্যালিভিত্তিক একটি স্টেলথ-মোড এআই সিস্টেম কোম্পানির প্রকৌশল পরিচালক ড. জাহাঙ্গীর দেওয়ান। তিনি ভিএলএসআই, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, চিপ ডিজাইন এবং এই খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের বাইরে থেকেও প্রযুক্তি বিশেষজ্ঞরা ভার্চুয়ালি এই আয়োজনে যুক্ত হয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন বলেন, দেশকে প্রযুক্তিচালিত ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে হলে সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, যিনি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস.এম. মোস্তফা আল মামুন। এছাড়া, সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিক-উজ-জামান আতিকের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাটি সঞ্চালনা করেন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মাজিদ ইশতিয়াক আহমেদ। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই সেমিনার বাংলাদেশকে ভবিষ্যতে একটি সেমিকন্ডাক্টর-প্রস্তুত দেশ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























