ফিলাডেলফিয়া ইগলসের তারকা রানিং ব্যাক সাকন বার্কলে শুক্রবার এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, একটি সুপার বোল শিরোপাই তার জন্য যথেষ্ট নয়। তিনবার প্রো-বোল নির্বাচিত এই খেলোয়াড় ২০২৫ সালের হতাশাজনক মৌসুমের পর ২০২৬ সালে আবারও লোম্বার্দি ট্রফি জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছেন। ‘আপ অ্যান্ড অ্যাডামস’ শো-তে কথা বলার সময় বার্কলে জানান, চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা তাকে আরও বেশি সফল হওয়ার জন্য উৎসাহিত করেছে। ২০২৪ সালে ইগলসের সুপার বোল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং অফেন্সিভ প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জেতা বার্কলে বলেন, একবার যখন আপনি সুপার বোল জেতার সুযোগ পান, ট্রফি হাতে নেন এবং প্যারেডে অংশ নেন, তখন আপনি কিছুটা লোভী হয়ে ওঠেন। তিনি একে ক্যান্ডির ব্যাগের সঙ্গে তুলনা করে বলেন, একবার স্বাদ পাওয়ার পর আপনি বারবার সেদিকেই ছুটে যেতে চান।
বার্কলে আরও বলেন, ‘আমি আবার সেই অনুভূতি পেতে চাই এবং এর জন্য যা করা প্রয়োজন তা করতে রাজি। প্রথমবার যখন আমি এটি অর্জন করেছিলাম, তখন আমার অসাধারণ একটি মৌসুম ছিল এবং ২,০০০ ইয়ার্ড দৌড়েছিলাম। তবে এবার আমার ব্যক্তিগত পরিসংখ্যানের প্রয়োজন নেই, আমি শুধু দলকে শিরোপা জেতানোর অবস্থানে নিয়ে যেতে চাই।’
২০২৫ সালে সাকন বার্কলের ব্যক্তিগত পারফরম্যান্সের কিছুটা অবনতি হয়েছিল, যা ইগলসের শিরোপা ধরে রাখার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই মৌসুমে তিনি ১,১৪০ ইয়ার্ড দৌড়ে সাতটি টাচডাউন করেছিলেন এবং দলটি ওয়াইল্ড কার্ড রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। তবে বার্কলে ২০২৬ সালে দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রত্যাশা করছেন।
সাক্ষাৎকারে বার্কলে জোর দিয়ে বলেন, ২০২৬ সালে তিনি দলের লক্ষ্যকে নিজের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার মতে, দলের জয় আগে আসলে ব্যক্তিগত অর্জনগুলো এমনিতেই ধরা দেয়। তিনি বলেন, ‘যখন আপনার মানসিকতা থাকে দল সবার আগে, তখন হল অব ফেম বা ব্যক্তিগত ইয়ার্ডের মতো অর্জনগুলো এমনিতেই অর্জিত হয়। আমাদের দল এখন এমন একটি পর্যায়ে আছে যেখানে আমরা সুপার বোল জেতার জন্য লড়াই করছি।’





























