কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ এক ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। সোমবার আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটিকে ‘ওয়ান্স ইন এ ডিকেড’ বা এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে অভিহিত করা হচ্ছে। ভূমিকম্পের পর থেকে প্রায় ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে আটকে থাকাদের উদ্ধার তৎপরতা চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পটি সবচেয়ে বেশি আঘাত হেনেছে চোকো নামের একটি পাহাড়ি প্রদেশে। তবে এর কম্পন রাজধানী বোগোতাসহ দেশের অন্যান্য জনবহুল শহরগুলোতেও অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিস ১৬৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। পরবর্তীতে ক্যালিতে আরও ১০ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং রয়টার্সের সর্বশেষ তথ্যানুযায়ী মৃতের সংখ্যা ২২৪ জনে পৌঁছায়।
গত শুক্রবার শপথ গ্রহণ করা কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলারদো দে লা এসপ্রিল্লা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত দেশজুড়ে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছেন। উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা জোরদারে সরকারিভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।




























