সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এডনক (ADNOC)-এর একটি জাহাজে ইরানের চালানো শত্রুভাবাপন্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের চরম লঙ্ঘন। উক্ত প্রস্তাবে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছিল এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা বা আন্তর্জাতিক সামুদ্রিক রুট বাধাগ্রস্ত করার মতো কর্মকাণ্ডের বিরোধিতা করা হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং হরমুজ প্রণালীকে অর্থনৈতিক চাপ প্রয়োগ বা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের জলদস্যুতার শামিল। এটি কেবল আঞ্চলিক স্থিতিশীলতা নয়, বরং বিশ্ব জ্বালানি নিরাপত্তা ও জনগণের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে।
সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়েছে যে, ইরানকে অবশ্যই এই উসকানিমূলক হামলা বন্ধ করতে হবে। আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে ইরানকে অবিলম্বে সব ধরনের শত্রুতা বন্ধ করে হরমুজ প্রণালী নিঃশর্তভাবে উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: Gulf Today






























