রোহিঙ্গা সংকটের ৯ বছর পূর্তিতে শরণার্থীদের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার (২২ আগস্ট) ঢাকার হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬: পার্টনারশিপ, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কমিটমেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তাগিদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ উপায়ে ফিরিয়ে নিতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর কার্যকর ও অর্থবহ চাপ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে তিনি তৃতীয় দেশে পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সমাধানের সুযোগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই বৈচ্ছিক আলোচনার বাইরে চলে যেতে দেওয়া যাবে না এবং বাংলাদেশ সরকার এই সংকটের টেকসই সমাধানকে তাদের পররাষ্ট্রনীতির অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।
আইআরসির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান মানবিক সহায়তার তহবিল কমে যাওয়া এবং বৈশ্বিক মনোযোগ অন্যদিকে সরে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গতানুগতিক ধারায় আর এ সংকট মোকাবেলা করা সম্ভব নয়, এখন আমাদের টেকসই পরিকল্পনার দিকে এগোতে হবে। অন্যদিকে, রোহিঙ্গা মানবাধিকার কর্মী মিস লাকি করিম রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য মানসম্মত শিক্ষা ও জীবিকার সুযোগ সৃষ্টির ওপর জোর দেন, যাতে মানবিক সহায়তার ওপর তাদের নির্ভরশীলতা হ্রাস পায়।
অনুষ্ঠানে দুটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যাঁ পেসমে, অস্ট্রেলিয়ান হাইকমিশনের কর্মকর্তা হামাহ হোসেন এবং আইআরসি বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রিয়াস। আইআরসির রিজিওনাল অ্যাডভোকেসি স্পেশালিস্ট সাবিরা সুলতানা নুপুরের সঞ্চালনায় এই আয়োজনে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘ ও দেশি-বিদেশি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।


























