সিরিয়ায় দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত তুরস্কের আন্তঃসীমান্ত সামরিক অভিযান ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’-এর ১০ম বার্ষিকী পালিত হয়েছে। সোমবার এই বিশেষ দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দেশের বীর শহীদ ও প্রবীণ যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসাল (NSosyal)-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, অপারেশন ইউফ্রেটিস শিল্ডের মাধ্যমে বিশ্ববাসী তুরস্কের বীরোচিত সেনাবাহিনীর সক্ষমতা সম্পর্কে জানতে পেরেছে। তিনি আরও উল্লেখ করেন, এই অভিযানের মধ্য দিয়ে বন্ধু ও শত্রু উভয়কেই বার্তা দেওয়া হয়েছে যে, তুরস্ক তাদের অঞ্চলে কোনো ধরনের সন্ত্রাসবাদ, সংঘাত বা অস্থিতিশীলতা সহ্য করবে না। তিনি দেশের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর প্রবীণ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও পৃথক এক বার্তায় এই মাইলফলক উদযাপন করেছে। মন্ত্রণালয় জানায়, সিরিয়ায় বিশেষ করে দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্ক একটি বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছিল। মন্ত্রণালয়ের বিবৃতিতে তুর্কি সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে বলা হয়, তারা গর্বের সাথে তুর্কি সশস্ত্র বাহিনীর সদস্যদের সালাম জানাচ্ছে। পাশাপাশি, শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রবীণ যোদ্ধাদের দীর্ঘ, সুস্থ ও সুখী জীবনের জন্য প্রার্থনা করা হয়েছে।






























