বাংলাদেশের অর্থনৈতিক ভাবনায় সচরাচর কৃষি, তৈরি পোশাক, প্রবাসী আয় ও স্থলভিত্তিক অবকাঠামোর কথা উঠে এলেও দক্ষিণ সমুদ্রের সুবিশাল সম্ভাবনাকে এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। এই অর্থনৈতিক সম্ভাবনার প্রাণকেন্দ্রে রয়েছে কক্সবাজার, যা পর্যটন, সামুদ্রিক মৎস্য, লবণ উৎপাদন, অবকাঠামো, জ্বালানি ও আন্তর্জাতিক বাণিজ্যের বড় দুয়ার। বর্তমানে পর্যটন, লবণ শিল্প, মৎস্য ও বন্দর প্রকল্পগুলোকে আলাদা খাপছাড়াভাবে দেখা হলেও এগুলোকে একসূত্রে যুক্ত করতে পারলে অর্জিত মূল্য বহুগুণ বৃদ্ধি পাবে। সমুদ্র থেকে আহরিত সম্পদকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তর, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় মানুষের আয় বৃদ্ধি এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার মধ্য দিয়েই সুনীল অর্থনীতিকে বাস্তব কৌশলে পরিণত করা সম্ভব।
সামুদ্রিক এলাকার অর্থনৈতিক তাৎপর্য বিচারে এর ভৌত পরিমাপের চেয়ে বৈজ্ঞানিক রূপ অনুধাবন বেশি জরুরি। পরিকল্পনা কমিশনের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসারে দেশের সামুদ্রিক এলাকার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। সমুদ্রে নির্দিষ্ট মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র, জৈব সম্পদ এবং খনিজের অবস্থান জানতে দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক জরিপ প্রয়োজন। পাশাপাশি 'জাতীয় সামুদ্রিক সম্পদ হিসাব' প্রতিষ্ঠা করা জরুরি, যেখানে মাছের বাৎসরিক আহরণের আর্থিক মূল্যের সঙ্গে মাছের মজুদ, উপকূলীয় বাস্তুতন্ত্র, জলাভূমি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় উপকূলের ভূমিকার নিয়মিত মূল্যায়ন থাকবে। এতে সমুদ্রের উৎপাদন ক্ষমতা কতটা অক্ষুণ্ণ থাকছে তা জানা সম্ভব হবে।
জ্বালানি খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান আমদানি নির্ভরতা কমাতে বঙ্গোপসাগরের অগভীর ও গভীর সমুদ্র তেল-গ্যাস অনুসন্ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার ইতোমধ্যে ২০২৬ সালের অফশোর বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ২৬টি ব্লক আন্তর্জাতিক কোম্পানির জন্য উন্মুক্ত করেছে, যার মধ্যে ১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্রের ব্লক। বাণিজ্যিকভাবে সফল উৎপাদন সম্ভব হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিল্পের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের তথ্যানুযায়ী উপকূল ও সমুদ্র তলদেশে জিরকন, ইলমেনাইট, রুটাইল, গারনেট, ম্যাগনেটাইট, কায়ানাইট ও মোনাজাইটের মতো মূল্যবান ভারী খনিজের সন্ধান পাওয়া গেছে। এগুলো অপরিশোধিত অবস্থায় রপ্তানি না করে দেশে প্রক্রিয়াজাত ও মূল্য সংযোজন করলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটবে।
সমুদ্রভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সুনীল অর্থনীতির আরেকটি প্রতিশ্রুতিশীল খাত। জোয়ার-ভাটার শক্তি, সমুদ্রের ঢেউ, উপরিভাগ ও গভীর পানির তাপমাত্রার পার্থক্য এবং অনশৌর-অফশৌর বায়ু টারবাইন থেকে বিদ্যুৎ উৎপাদন করে স্থানীয় উপকূলীয় শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও বন্দরে সরাসরি সরবরাহ করা যেতে পারে। অন্যদিক মৎস্য অধিদপ্তরের তথ্যানুসারে বাংলাদেশের সামুদ্রিক মাছ আহরণ মূলত ২০০ মিটার গভীরতা পর্যন্ত সীমাবদ্ধ। আধুনিক প্রযুক্তিতে গভীর সমুদ্রে জরিপ পরিচালনা, সঠিক মজুত নিরূপণ ও নিরাপদ আহরণসীমা নির্ধারণের পাশাপাশি মাছ নামানোর পর বরফায়ন, মান নিয়ন্ত্রণ ও শীতল সরবরাহ শৃঙ্খল উন্নত করা প্রয়োজন। একই সঙ্গে উৎপত্তিস্থল ও মান সুরক্ষার ডিজিটাল ট্র্যাকিং নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সামুদ্রিক খাদ্যের নির্ভরযোগ্যতা বাড়বে।
পর্যটন ও বড় প্রকল্পের আড়ালে পড়া লবণ শিল্পে বিপুল জনগোষ্ঠীর জীবিকা যুক্ত। বিশুদ্ধতা নিশ্চিতকরণ, আধুনিক যন্ত্রপাতি ও গবেষণাগার স্থাপন করে লবণ শিল্পের আধুনিকায়ন এবং বিকল্প হিসেবে একই জমিতে সময়ভেদে আর্টেমিয়া চাষ, উন্নত সামুদ্রিক জলজ উৎপাদন ও চিংড়ির পোনা প্রতিপালনের সুযোগ তৈরি করতে হবে। একইভাবে পর্যটন খাতকে শুধু সৈকত বা হোটেলে সীমাবদ্ধ না রেখে সামুদ্রিক ঐতিহ্য, স্থানীয় খাদ্য, জেলে জীবন ও নৌকা ভ্রমণ যুক্ত করে বিস্তৃত করতে হবে। পর্যটনের সফলতা কেবল দর্শনার্থীর সংখ্যায় নয়, বরং অবস্থানকাল, স্থানীয়দের আয় বৃদ্ধি এবং পরিবেশগত চাপের ওপর নির্ভর করে। স্থানীয় সরবরাহ ব্যবস্থার সঙ্গে পর্যটন যুক্ত হলে আঞ্চলিক মাছ, লবণ, কৃষিপণ্য ও হস্তশিল্পের চাহিদা বহু গুণ বেড়ে যাবে।
মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের বহির্বাণিজ্য ও যোগাযোগের এক নতুন মাইলফলক। সড়ক, রেল ও অভ্যন্তরীণ নৌপথের সংযোগের মাধ্যমে বন্দরটির সক্ষমতা বাড়ালে পণ্য পরিবহন ব্যয় কমবে। মাতারবাড়ীকে কেন্দ্র করে গুদামজাতকরণ, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ, শীতল সরবরাহ অবকাঠামো, জাহাজ ও যন্ত্রাংশ মেরামত, সামুদ্রিক বীমা এবং লজিস্টিকস প্রযুক্তি গড়ে তুললে এটি আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠবে। পাশাপাশি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, আধুনিক রিসাইক্লিং ও সুরক্ষানীতি মেনে জাহাজ নির্মাণ শিল্প বিস্তৃত করা গেলে দেশীয় এসএমই শিল্পের গতি বৃদ্ধি পাবে।
উপকূলীয় ম্যানগ্রোভ ও লোনা জলাভূমির কার্বন সঞ্চয় ক্ষমতা এবং বাস্তুতন্ত্র রক্ষা দীর্ঘমেয়াদে অর্থনীতির ভিত মজবুত রাখে। ভবিষতের প্রযুক্তিভিত্তিক সুনীল অর্থনীতিতে সমুদ্রের তাপমাত্রা, ঢেউ, আবহাওয়া ও মাছের গতিবিধি বিশ্লেষণের জন্য কক্সবাজারে একটি সমন্বিত সামুদ্রিক তথ্য কেন্দ্র গড়ে তোলা দরকার। এটি জেলে, গবেষক, বন্দর পরিচালনা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে তাৎক্ষণিক ডিজিটাল সেবা দেবে। একইসঙ্গে সামুদ্রিক জীবপ্রযুক্তি নিয়ে বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে সামুদ্রিক শৈবাল ও অণুজীব থেকে প্রসাধনী, খাদ্য ও কৃষি উপকরণ তৈরির যৌথ গবেষণা জোরদার করা প্রয়োজন।
উন্নয়নের সুফল যেন সমানভাবে বণ্টিত হয়, সেজন্য স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। স্থানীয় নারী ও পুরুষদের প্রক্রিয়াজাতকরণ, নৌযান রক্ষণাবেক্ষণ, লজিস্টিকস ও ডিজিটাল বিপণনে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা বাড়াতে হবে। কক্সবাজারের এই সম্ভাব্য উন্নয়ন রূপরেখা বাস্তবায়নে ধাপে ধাপে এগোনো শ্রেয়। প্রথম ধাপে তথ্যভাণ্ডার তৈরি, মাছ সংরক্ষণ, লবণ প্রযুক্তি ও স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ; দ্বিতীয় ধাপে নবায়নযোগ্য জ্বালানি, জীবপ্রযুক্তি ও পরিবেশবান্ধব পর্যটন গবেষণা; তৃতীয় ধাপে মাতারবাড়ী বন্দরের সঙ্গে স্থানীয় শিল্প, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের সংযোগসাধন; এবং চতুর্থ ধাপে জাহাজ নির্মাণ খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন, সহজ শুল্কনীতি ও রপ্তানি সহায়তা কার্যকর করা যেতে পারে। এ কাজের মূল্যায়ন হতে হবে একটি সমন্বিত সূচকের মাধ্যমে, যেখানে বিনিয়োগের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ, উপকূল রক্ষা ও কর্মসংস্থান সমান গুরুত্ব পাবে।
নিবন্ধটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি (রসায়ন) সম্পন্ন করা গবেষক মেজর হাওয়া আকতার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের (বিইউপি) এমফিল ডিগ্রিধারী ও পিএইচডি গবেষক এবং বর্তমানে কক্সবাজারের রামু সেনানিবাসে জেনারেল স্টাফ অফিসার-২ (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

























