বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সিই মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, এই যুদ্ধবিমান কেনার নেগোসিয়েশন মিটিংয়ের জন্য একটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে সংশ্লিষ্ট কমিটি।
উপদেষ্টা জানান, বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে চতুর্থ প্রজন্মের এমআরসিএ ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং ইউএভি সিস্টেম সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। বাজেট পাওয়া সাপেক্ষে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে, অন্যথায় তা পরবর্তী বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। বর্তমান খসড়া চুক্তিপত্রটি অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হয়েছে।
চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক কমব্যাট সিচুয়েশনে রাফালের মতো ৪.৫ জেনারেশনের যুদ্ধবিমানের বিপরীতে জে-১০সিই অত্যন্ত ভালো ফলাফল করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ইউরোপীয় ভেরিয়েন্টের রাফাল বা ইউরো ফাইটার টাইফুনের তুলনায় চীনা যুদ্ধবিমানের দাম অনেক কম। দেশের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
































