দেশের চার বিভাগে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মঙ্গলবার (২৫ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া আগামী তিন দিনে দেশের কয়েকটি অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় যে লঘুচাপটি তৈরি হয়েছিল, সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পরদিন বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এই দুই দিনও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে শনিবার দেশের আট বিভাগেরই অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব বিভাগের উজান এলাকাগুলোতেও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।





























