শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকদের মধ্যে রয়েছেন ডেইলি স্টারের জাহিদ হাসান, নিউজ টুয়েন্টিফোর ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লা। অভিযোগ উঠেছে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে।
ঘটনার পর বিকেলে জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সোনালী নিউজের শরীয়তপুর প্রতিনিধি পলাশ খান ঘটনার কারণ জানতে আরিফুজ্জামান মোল্লাকে ফোন করেন। এ সময় ওই বিএনপি নেতা অত্যন্ত আপত্তিকর ভাষায় হুমকি দিয়ে বলেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু।’ তিনি আরও বলেন, ‘আরও তো মারুম, শুধু এহন না, আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। অনেকেই লিস্টে আছে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে আরও খবর পাইয়া যাইবা। তুমি নিজেও তৈরি থাক।’ এ সময় তিনি সাংবাদিক পলাশ খানকে তার অবস্থান সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করেন।
এ বিষয়ে সাংবাদিক পলাশ খান বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় আমাদের তিন সহকর্মীকে হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আরিফ মোল্লার বিরুদ্ধে। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে ফোনে যোগাযোগ করলে তিনি আমাকেসহ সহকর্মীদেরও মারধর করার হুমকি দেন। বিষয়টি আমি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি এবং লিখিতভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করব।’ তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আরিফুজ্জামান মোল্লার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া ও সদর সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি তারা অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
সূত্র: মানবজমিন































