ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা এবং বিদ্যমান পারমিট নবায়ন করার প্রক্রিয়া বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। গত কয়েক সপ্তাহ ধরে নিয়োগদাতাদের করা পারমিট নবায়নের আবেদনগুলো ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে বলে ভুক্তভোগী প্রবাসীরা জানিয়েছেন। সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে ৬০ বছর অতিক্রম করা প্রবাসীদের ওয়ার্ক পারমিট প্রদানের সুযোগ আর নেই।
দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের ধরে রাখার লক্ষ্যে ২০২২ সালের জানুয়ারিতে সরকার ৬০ বছর বয়স পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ দিয়েছিল। তবে বর্তমানের এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে ওমান কার্যত সেই পূর্বের নীতি থেকে সরে এল। যদিও দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবাটি এখনো সচল রয়েছে, কিন্তু সেখানে বয়সসীমা সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা বা তথ্য উল্লেখ করা হয়নি। এই আকস্মিক সিদ্ধান্তে দেশটিতে কর্মরত বয়স্ক প্রবাসীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: গালফ বাংলা





























