সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এই বেতনকাঠামোর প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এ সংক্রান্ত কোনো একক প্রজ্ঞাপন নয়, বরং বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি করা হবে। এর পাশাপাশি আইনগত ভেটিং সম্পন্ন হওয়ার পর কয়েকটি বিষয় এসআরও (SRO) আকারেও প্রকাশ করা হবে।
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে নাগাদ হতে পারে—এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, 'এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।'
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল প্রদান করা হয়েছিল। এরপর প্রায় ১২ বছর পার হলেও নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। দীর্ঘ এই সময়ের ব্যবধানে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ২০২৫ সালে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।





























