দীর্ঘ সাত বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদ ফিরে পেয়েছেন ২০১৯ সালের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী মো. রাশেদ খাঁন। গত সোমবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, ডাকসুর তৎকালীন জিএস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে গঠিত তদন্ত কমিটি তার ছাত্রত্বকে অবৈধ হিসেবে চিহ্নিত করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া শোকজ নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব বাতিল করা হয়। এই সিদ্ধান্তের ফলে তার ডাকসু জিএস পদটিও বাতিল হয়ে যায়।
এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ওই পদে বিজয়ী ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এই সিদ্ধান্তের পর রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ৩৭তম ডাকসু নির্বাচনে গোলাম রব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছিলেন। একই নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা মো. রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট। এছাড়া ওই নির্বাচনে ভিপি পদে ১১ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর।





























