সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আজ অথবা আগামীকাল জারি করা হবে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্থ বিভাগ থেকে এই আদেশ জারি করার পর নতুন বেতন কাঠামোর বিস্তারিত বিষয় স্পষ্টভাবে জানা যাবে।
এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতনস্কেলের সাথে সামঞ্জস্যপূর্ণ 'যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬' অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামো ও সংশ্লিষ্ট নির্দেশনাসমূহ গত ১ জুলাই ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
নতুন বেতনস্কেল অনুমোদনের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমানের বিষয়গুলো বিবেচনা করা হয়েছে। একই সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামোর প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হলেও প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। অন্যদিকে, সর্বোচ্চ ১ম গ্রেডের নির্ধারিত মূল বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
বেতন বৈষম্য কমাতে নতুন বেতন কাঠামোয় বিশেষ নজর দেওয়া হয়েছে। এ কারণে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত আগের ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। এর ফলে নতুন বেতনস্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।


























