২০২৬-২৭ মৌসুমের ইউরোপা লিগের লিগ পর্বের জন্য নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ইউরোপের অধিকাংশ দেশের গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার পরদিন, অর্থাৎ ২ সেপ্টেম্বর বুধবার শেষ সময়ের মধ্যে উয়েফার কাছে এই স্কোয়াড জমা দিতে হয়েছে ক্লাবগুলোকে।
উয়েফার নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতাটিতে অংশ নেওয়া দলগুলো তাদের ‘এ’ তালিকায় সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখতে পারে। এই ২৫ জনের মধ্যে অন্তত দুজন গোলরক্ষক এবং আটজন ‘স্থানীয়ভাবে প্রশিক্ষিত খেলোয়াড়’ থাকা বাধ্যতামূলক। স্থানীয়ভাবে প্রশিক্ষিত বলতে এমন খেলোয়াড়দের বোঝায়, যারা ১৫ থেকে ২১ বছর বয়সের মধ্যে ইতালিতে টানা অন্তত তিন বছর কাটিয়েছেন। অন্যদিকে, ‘বি’ তালিকায় যুব দলের যেকোনো সংখ্যক খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যায়, তবে শর্ত হলো তাদের জন্ম ২০০৫ সালের ১ জানুয়ারি বা তারপরে হতে হবে এবং ক্লাবের হয়ে টানা অন্তত দুই বছর খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
উয়েফার এই নিয়মের মারপ্যাঁচে জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড কেনান ইলদিজকে ‘এ’ তালিকার পরিবর্তে ‘বি’ তালিকায় রাখা হয়েছে। ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া ইলদিজ গত চার বছর ধরে বিয়াঙ্কোনেরিদের সাথে রয়েছেন। তবে নতুন গ্রীষ্মকালীন চুক্তি জেফ একাথর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় ‘এ’ বা ‘বি’ কোনো তালিকাতেই জায়গা পাননি।
একাথর ছাড়া জুভেন্টাসের বাকি সব নতুন সাইনিং এই দলে সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও ও কামিল গ্রাবারা, ডিফেন্ডার জন লুকুমিয়া ও জেকি চেলিক, মিডফিল্ডার পেপ মাতার সার এবং ফরোয়ার্ড রান্ডাল কোলো মুয়ানি, কেরিম আলাজবেগোভিক ও নিক ভোল্টমেড। এছাড়া গত ২০২৫-২৬ মৌসুমে যথাক্রমে আতলেতিকো মাদ্রিদ এবং নটিংহাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলায় ধারে কাটানো নিকো গঞ্জালেজ ও ডগলাস লুইজ এবার জুভেন্টাসের উয়েফা স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।
গোলরক্ষক: গুগলিয়েলমো ভিকারিও, কামিল গ্রাবারা, কার্লো পিনসোলিও।
ডিফেন্ডার: জেকি চেলিক, গ্লিসন ব্রেমার, ফেদেরিকো গাত্তি, লয়েড কেলি, পিয়েরে কালুলু, আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো, জন লুকুমিয়া, হুয়ান কাবাল।
মিডফিল্ডার: ম্যানুয়েল লোকাতেল্লি, তিউন কুপমেইনার্স, ডগলাস লুইজ, ওয়েস্টন ম্যাককেনি, পেপ মাতার সার।
ফরোয়ার্ড: ফ্রান্সিসকো কনসেইসাও, রান্ডাল কোলো মুয়ানি, জেরেমি বোগা, কেরিম আলাজবেগোভিক, নিক ভোল্টমেড, নিকো গঞ্জালেজ।
বি তালিকায় থাকা অন্যান্য খেলোয়াড়: কেনান ইলদিজ, রিকার্ডো রাদু, অগাস্টো ওউসু, রাফায়েল হুলি, আরমান দুরমিশি, ডেস্টিনি এলমিওঘালে।





























