সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় তার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন। আদেশের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় অবস্থিত মুজিবুল হকের ২৮৪ শতক জমি এবং দুটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার ছয়টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পাপন কুমার সাহা এই সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, মুজিবুল হক যখন মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন তিনি ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ তিনি নিজের ভোগ-দখলে রেখেছেন, যা নিয়ে দুদক মামলা দায়ের করেছে।
দুদকের তদন্তকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, আসামি তার মালিকানাধীন এবং স্বার্থসংশ্লিষ্ট সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলাটি নিষ্পত্তির আগেই এসব সম্পদ হাতবদল হয়ে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্ত পরিচালনার স্বার্থেই এই সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আদালতকে জানানো হয়। উল্লেখ্য, গত বছরের ১৭ ফেব্রুয়ারি মুজিবুল হকের বিরুদ্ধে এই দুর্নীতির মামলাটি দায়ের করেছিল দুদক।





























