প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৩৯। পটুয়াখালীর মহিপুরে মামলার প্রকৃত আসামি না হয়েও মো. জলিল হাওলাদার নামে এক ব্যক্তিকে ২০ দিন কারাগারে থাকতে হয়েছে। মামলার আসামির সঙ্গে নাম ও বাবার নাম হুবহু মিলে যাওয়ায় পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ভুল করে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অথচ গ্রেপ্তার হওয়া জলিলের মায়ের নাম ও অন্যান্য ব্যক্তিগত তথ্যের সঙ্গে মামলার প্রকৃত আসামির তথ্যের কোনো মিল নেই।
সোমবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালতের বিচারক আবু বকর সিদ্দিক বিষয়টি অবহিত হওয়ার পর জলিল হাওলাদারের জামিন মঞ্জুর করেছেন। একই সঙ্গে আগামী ধার্য তারিখে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার বাদীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে, যখন ব্যবসায়ী মো. আলমগীর হোসেন ২ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা পাওনা আদায়ের দাবিতে মো. জলিল হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, পাওনা পরিশোধের জন্য দেওয়া একটি চেক ২০২৩ সালের ২৭ মার্চ অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়েছিল। ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত ১৯ আগস্ট মহিপুর থানা পুলিশ জলিল হাওলাদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
কারাগারে যাওয়ার পর পরিচয় যাচাই করতে গিয়েই বেরিয়ে আসে যে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি প্রকৃত আসামি নন। পরিবারের দাবি, মামলার প্রকৃত আসামি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ভুক্তভোগীর জামাতা জাহাঙ্গীর আলম জানান, তার শ্বশুর একজন সাধারণ জেলে। নাম ও বাবার নাম মিলে যাওয়ার কারণেই তাকে ভুলভাবে গ্রেপ্তার করা হয়েছে।
পটুয়াখালী জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক এপিপি মো. হুমায়ুন কবির বাদশা বলেন, নাম ও বাবার নামের সাদৃশ্য থাকায় তার মক্কেলকে ভুলভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারের আগে মায়ের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর যাচাই করা পুলিশের দায়িত্ব ছিল, যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন।
মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, পরোয়ানায় নাম ও বাবার নাম থাকায় ভুলবশত তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্বীকার করেন যে, পরোয়ানায় মায়ের নাম, ছবি বা মোবাইল নম্বর না থাকায় এই অনিচ্ছাকৃত ভুল হয়েছে। মামলার এসআই শহীদুল তাকে গ্রেপ্তার করেছিলেন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুল ইসলাম সজল জানান, বিষয়টি জানার পর ওই ব্যক্তির জামিনের জন্য সুপারিশ করা হয়েছে এবং আদালত তা মঞ্জুর করেছেন। ভবিষ্যতে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে পূর্ণাঙ্গ পরিচয় ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ করার জন্য আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। নির্দোষ হয়েও ২০ দিন কারাভোগের ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।



























