আলেকজান্ডার জভেরেভ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করেছেন। আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিনি ২১তম বাছাই দারদেরিকে ৬-২, ৬-২, ৭-৬ (৭/৩) সেটে পরাজিত করেছেন। এই ম্যাচটি জিততে তার সময় লেগেছে ২ ঘণ্টা ৩০ মিনিট।
টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডে জভেরেভকে পাঁচ সেটের দীর্ঘ লড়াই করতে হয়েছিল, যেগুলোর সমাপ্তি ঘটেছিল গভীর রাতে। সেই তুলনায় এদিনের জয়টি ছিল বেশ স্বস্তিদায়ক। ম্যাচ শেষে জভেরেভ মজা করে বলেন, আমি জানি না এখন আমার কী করা উচিত, কারণ এখনো মধ্যরাত হয়নি। আমার মনে হয় আমি অনুশীলনের কোর্টে ফিরে যেতে পারি, কিংবা হয়তো কোনো বারেও যেতে পারি—তবে শেষ কথাটা মজা করেই বলেছি। আগের দুই ম্যাচের তুলনায় আমার খেলার মান উন্নত হয়েছে বলে আমি মনে করি।
২৯ বছর বয়সী ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। তিনি দারদেরির সার্ভিসের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রথম সেটে দ্রুত দুটি ব্রেক পয়েন্ট আদায় করে ৩-০ ব্যবধানে এগিয়ে যান। নিজের ক্যারিয়ারে কোনো গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডের বেশি যেতে না পারা দারদেরি এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পাননি।
দ্বিতীয় সেটেও জভেরেভ একইভাবে আধিপত্য বজায় রাখেন। আবারও দ্রুত দুটি ব্রেক পয়েন্ট নিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যান এবং সহজেই সেটটি জিতে নেন। তবে তৃতীয় সেটে দারদেরি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তিনি কিছু শক্তিশালী ফোরহ্যান্ড শট খেলেন এবং ১১তম গেমে চারটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে ম্যাচটিকে টাই-ব্রেকারে নিয়ে যান।
টাই-ব্রেকারে জভেরেভ তার শক্তিশালী সার্ভিসের কারণে শুরু থেকেই এগিয়ে ছিলেন। একটি দুর্দান্ত সার্ভের মাধ্যমে তিনি ৫-২ ব্যবধানে এগিয়ে যান এবং পরে একটি জোরালো ফোরহ্যান্ড শট খেলে ম্যাচ পয়েন্ট নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ম্যাচের ১৩তম এস দিয়ে জয় তুলে নেন তিনি।
নিজের পারফরম্যান্স নিয়ে জভেরেভ বলেন, আমার খেলার মান খুবই ধারাবাহিক ছিল। তৃতীয় সেটে দারদেরি অবিশ্বাস্য ভালো খেলা শুরু করেছিল। আমি খুব কম খেলোয়াড়কেই দেখেছি যারা ওর মতো এত জোরে এবং ধারাবাহিকভাবে বল মারতে পারে। কোয়ার্টার ফাইনালে এখন ডাচ অভিজ্ঞ খেলোয়াড় বটিক ভ্যান ডি জ্যান্ডশুল্পের মুখোমুখি হবেন এই জার্মান তারকা।





























