নেদারল্যান্ডসের হেগে শনিবার অভিবাসন ও আশ্রয় নীতিমালাবিরোধী একটি বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়লে পুলিশ কয়েকশ আন্দোলনকারীকে ছত্রভঙ্গ করে দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আগে থেকেই এই মিছিলের অনুমতি বাতিল করেছিল।
বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থল মালিভেল্ড পার্কে জড়ো হওয়ার পর সংঘর্ষ শুরু হলে হেগ পৌরসভা মিছিলটি নিষিদ্ধ ঘোষণা করে এবং ভিড়কে এলাকা ত্যাগের নির্দেশ দেয়। এক পর্যায়ে কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ও অন্যান্য বস্তু ছুড়ে মারলে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
নেদারল্যান্ডসের বিচারমন্ত্রী ডেভিড ফন উইল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই ঘটনাকে 'অত্যন্ত জঘন্য' বলে অভিহিত করেছেন। তিনি জানান, বিক্ষোভকারীদের অনেকে নাৎসি স্যালুট দিয়েছে, ইহুদিবিদ্বেষী স্লোগান দিয়েছে এবং পুলিশের ওপর আতশবাজি ছুড়ে হামলা চালিয়েছে। তিনি গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় পুলিশ কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরও একই ধরনের ডানপন্থী বিক্ষোভ থেকে সহিংসতার ঘটনা ঘটেছিল। সেই সময় কালো পোশাক পরিহিত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একটি পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া সে সময় মধ্যপন্থী ডি৬৬ দলের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছিল, যার বর্তমান নেতা রব জেটেন এখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।






























