রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের টানা পৌনে চার ঘণ্টার সড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার পুলিশের ধাওয়া ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা রাস্তা থেকে না সরলে পুলিশ তাদের সরিয়ে দিতে বাধ্য হয়।
সকাল আটটা থেকেই আজমপুর সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। টানা তিন দিন ধরে চলা এই আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মীসংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় উত্তরা থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পর্যন্ত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনরত শ্রমিক আখতার হোসেন অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পরও কোনো সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন বলে জানান তিনি।



























