নরসিংদীর রায়পুরা উপজেলায় একের পর এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা বাড়ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বয়সী পাঁচজনের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ হওয়ার পর কেন জীবিত উদ্ধার করা যাচ্ছে না এবং এসব ঘটনার পেছনে কারা জড়িত—এমন নানা প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও অনেক ক্ষেত্রে পরবর্তীতে লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ আরও বাড়ছে। স্থানীয়রা এসব ঘটনার দ্রুত তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এসব ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে কিছু ঘটনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের হত্যা করার তথ্য পাওয়া গেছে।




























