ইউক্রেনে আকস্মিক সফর শেষে যুদ্ধাহত সেনাসদস্যদের সমাজের প্রকৃত 'রোল মডেল' হিসেবে প্রশংসা করেছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি। সফরকালে তিনি জোর দিয়ে বলেন, কিয়েভের পক্ষ থেকে এই যুদ্ধাহত সেনাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এটি হ্যারির চতুর্থ সফর এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের 'সুপারহিউম্যানস সেন্টার'-এ তাঁর দ্বিতীয় যাওয়া। অ্যাথোপেডিক এই ক্লিনিকটিতে আহত সামরিক ও বেসামরিক নাগরিকদের চিকিৎসা দেওয়া হয়।
বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের অনুপ্রাণিত করতে প্রিন্স হ্যারি 'ইনভিক্টাস গেমস' প্রতিষ্ঠা করেছিলেন। প্যারাঅলিম্পিকের আদলে আয়োজিত এই গেমসের ট্রায়াল চলাকালে হ্যারি বলেন, সেনারা ইউনিফর্ম পরার আগেই রাষ্ট্র ও সমাজ তাদের পেছনে বিনিয়োগ করে। ঠিক একইভাবে যখন সেনারা ইউনিফর্ম খুলে ফেলবেন, তখনও তাদের পেছনে আমাদের এই বিনিয়োগ ধরে রাখতে হবে।
ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক সদস্য ও আফগানিস্তানে দায়িত্ব পালন করা প্রিন্স হ্যারি শনিবার হুইলচেয়ার রাগবি ম্যাচ এবং পিকলবল প্রতিযোগিতা উপভোগ করেন। আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া ইনভিক্টাস গেমসে ইউক্রেনের প্রতিনিধিত্ব করতে কৃত্রিম অঙ্গসংযোজন করা অনেক অ্যাথলেট এতে অংশ নেন। প্রতিযোগিতার একপর্যায়ে হ্যারি নিজেও র্যাকেট হাতে তুলে নেন এবং এক হাত বিচ্ছিন্ন হওয়া এক খেলোয়াড়ের সাথে জুটি বেঁধে দুই পা হারানো দুই সেনার বিরুদ্ধে ম্যাচে অংশ নেন।
ওডেসা থেকে আসা ৪৯ বছর বয়সী যুদ্ধাহত সেনা ওলেক্সান্দর, যিনি নিজের একটি পা হারিয়েছেন, হ্যারির সাধারণ আচরণের প্রশংসা করে বলেন, আমি তাঁকে একসঙ্গে খেলতে অনুরোধ করেছিলাম এবং তিনি তা মানা করেননি। তিনি সবার সাথে সাধারণ মানুষের মতোই কথা বলেন, কোনো রাজকীয় ভাব দেখান না। তিনি পুরোপুরি আলাদা একজন মানুষ।
ইউক্রেনীয়দের মনোবল ও সাহসিকতার প্রশংসা করে হ্যারি আশা প্রকাশ করেন যে এই যুদ্ধের দ্রুত সমাপ্তি ঘটবে। তিনি বলেন, বিশ্বের বাকি অংশ আপনাদের সমর্থন দিয়ে যাবে। আমার দৃষ্টিতে আপনারা ইতিমধ্যেই বিজয়ী হয়ে গেছেন।
সফরকালে হ্যারি বিশেষ এক সেনাসদস্য কস্তিয়ান্তিন ভ্লাসেঙ্কোর সঙ্গে দেখা করেন। খারকিভ অঞ্চলের সিনকিভকা গ্রামের কাছে যুদ্ধক্ষেত্রের সম্মুখসারি থেকে ড্রোন দিয়ে উদ্ধার করা প্রথম ইউক্রেনীয় সেনা হলেন এই ভ্লাসেঙ্কো। হ্যারি তাঁকে অসাধারণ ও প্রভাবশালী বলে অভিহিত করলে সেই সৈনিক রসিকতা করে নিজেকে একগুয়ে বলে মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে আহত হন ভ্লাসেঙ্কো। আঘাত এতটা গুরুতর ছিল যে শেষ পর্যন্ত তাঁর দুই পাই কেটে ফেলতে হয়, যার মধ্যে একটি পা তিনি নিজেই কেটে ফেলেছিলেন। এরপরও তিনি রুশ সেনাদের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২৩২ দিন নিজের অবস্থান ধরে রাখেন এবং সহযোদ্ধাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে থাকেন। অবশেষে অক্টোবর মাসের শুরুতে ড্রোন দিয়ে তাঁকে সেখান থেকে তুলে আনা হয়। সাহসিকতার জন্য তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান 'হিরো অব ইউক্রেন' খেতাবে ভূষিত করা হয়েছে। ভ্লাসেঙ্কোর মুখোমুখি হয়ে হ্যারি বলেন, আপনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও সম্মান রয়েছে।


























