খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৫ অক্টোবর) দুদকের উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দুটি করেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপ-সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমানকেও আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, একটি মামলায় কাজ না করেই ঠিকাদারকে এক কোটি ৫৫ লাখ টাকা বিল প্রদান করা হয়েছে। অন্য মামলায় ঠিকাদারের অনুকূলে অর্থ ছাড় করার পর ১১ কোটি ১৯ লাখ টাকা রাজস্ব হিসেবে স্থানান্তরের ঘটনা ঘটেছে।
প্রকল্পটির অনিয়ম নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি মোট ১৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল। এর মধ্যে তিন সদস্যসহ অন্যান্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। কেডিএ’র সংশ্লিষ্ট সূত্র ও ঠিকাদারদের মতে, প্রকল্প চলাকালীন চেয়ারম্যান ও সদস্যরা পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করতেন। প্রভাবশালী রাজনৈতিক নেতার সাথে সংশ্লিষ্টতার কারণে ঠিকাদার মাহবুবুর রহমান প্রকৌশলীদের কোনো তোয়াক্কা করতেন না। এছাড়া প্রকল্পের নথিপত্র ও বিল অনুমোদনের ক্ষেত্রে চেয়ারম্যান ও সচিবের নির্দেশেই কাজ হতো বলে জানা গেছে।
দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধান শেষে মামলাগুলো করা হয়েছে এবং তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এদিকে, খুলনা মহানগর নাগরিক ফোরামের কো-চেয়ারম্যান সরদার আবু তাহের দীর্ঘ ১৩ বছরেও প্রকল্প শেষ না হওয়া এবং অনিয়মের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ২০১৩ সালের ৭ মে একনেকে অনুমোদিত এই প্রকল্পের ব্যয় ৯৮ কোটি টাকা থেকে বেড়ে বর্তমানে ২৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
২০২৪ সালের জুন মাসে প্রকল্পের অনুকূলে বরাদ্দ থাকা ১৩ কোটি টাকার বিল তৈরির নির্দেশ দেন চেয়ারম্যান ও সচিব।
২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ওই সড়কে অভিযান চালায় দুদক।






























