যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বৃদ্ধির খবরে বুধবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৮ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে ৯১ দশমিক ৮৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৮৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ কমে ৮৪ দশমিক ১৬ ডলারে দাঁড়ায়।
মার্কিন পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য উদ্ধৃত করে বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল বৃদ্ধি পেয়েছে। একই সময়ে পেট্রলের মজুত ৫১ লাখ ২০ হাজার ব্যারেল এবং ডিজেলসহ অন্যান্য পাতনজাত জ্বালানির মজুত ৩ লাখ ৫১ হাজার ব্যারেল বেড়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, বাজারে বড় ধরনের সরবরাহ উদ্বৃত্তের পূর্বাভাস দাম কমার চাপ তৈরি করছে। এছাড়া লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যমতে, ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দামের ব্যবধান গত দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক জুন গোহ জানান, এশিয়া ও উত্তর-পশ্চিম ইউরোপে ডব্লিউটিআই সরবরাহের সুযোগ সীমিত থাকায় এবং যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলীয় অঞ্চলে মজুত বৃদ্ধি পাওয়ায় এর দাম ব্রেন্টের তুলনায় বেশি হ্রাস পেয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা তেলের দামের বড় ধরনের পতন কিছুটা আটকে রেখেছে। ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ভান্দনা হরি জানান, ট্যাংকারে হামলা ও যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি আক্রমণের কারণে বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব বিদ্যমান। মঙ্গলবার ইরানের ড্রোন হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়। বুধবার বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশসীমায় ইরানের হামলা প্রতিহত করা হয়েছে। উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগও অব্যাহত রয়েছে। সোমবার ওমানের উপকূলের কাছে প্রণালিটি দিয়ে যাওয়ার সময় একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি) ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হানে, যার ফলে জাহাজটির কর্মীদের সরিয়ে নিতে হয়। এলএসইজির বিশ্লেষকদের মতে, বিকল্প পথে আঞ্চলিক তেল সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা মঙ্গলবার জানিয়েছে, তারা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে পাঁচটি ড্রোন পাঠিয়েছে। যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে তেল রপ্তানির জন্য এই পাইপলাইন ব্যবহার করা হচ্ছে। ফলে পাইপলাইনটি ঘিরে নতুন হামলার আশঙ্কা বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ওমান ও কাতারের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আলোচনা চললেও মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তেজনা এখনো কমেনি।
























