মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে আপন ভাই ও ভাবির পরিকল্পনায় আলমগীর হোসেন (৩৯) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে। আলমগীরের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরছড়ি গ্রামে এবং তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় ভাড়া থেকে বাদাম ও বুট ফেরি করে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার সূত্রপাত হয় আলমগীরের কেনা এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে। তিনি বিয়ের প্রস্তুতি নেওয়ার সময় তাঁর কেনা এই গয়নাগুলো ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমের কাছে জমা রেখেছিলেন। তদন্তে জানা যায়, আলমগীরের অগোচরে ওই গয়না থেকে তিন আনা সোনা স্থানীয় একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন জাহাঙ্গীর ও রিনা। বিষয়টি জানাজানি হলে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং স্থানীয়ভাবে সালিসও বসে। সালিসে আলমগীরের স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান, জাহাঙ্গীর ও রিনা স্বর্ণালংকার ফেরত না দিয়ে ঘটনার আনুমানিক ১০ দিন আগে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাহাঙ্গীর ও রিনা আলমগীরের বন্ধু মো. সাদ্দাম হোসেনকে এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরিকল্পনা অনুযায়ী, ১১ নভেম্বর সাদ্দাম ও মো. শফিকুল ইসলাম বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাসা থেকে ডেকে নেন। রিকাবীবাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁকে বালুচরের দিকে নেওয়া হয়। পথে জাহাঙ্গীর ও রিনার ভাড়া করা আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অটোরিকশায় ওঠেন।
বালুচরের কালিরনগর এলাকায় পৌঁছানোর পর ওই ব্যক্তিরা আলমগীরের টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তাঁকে মারধর করা হয় এবং একপর্যায়ে ইটের আঘাতে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে খড়ের স্তূপে ঢেকে রেখে খুনিরা পালিয়ে যায়। ১৭ নভেম্বর স্থানীয়রা খড়ের স্তূপের ভেতর অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়।
এই ঘটনায় আলমগীরের মা ছায়েরা বেগম সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন। পরে পিবিআই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তভার নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত জাহাঙ্গীর হোসেন (৩৫), তাঁর স্ত্রী রিনা বেগম (২৪) এবং আলমগীরের বন্ধু সাদ্দাম ও শফিকুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাদ্দাম ও শফিকুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআই হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট ও অটোরিকশা জব্দ করেছে।
























