গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানার সমস্ত কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার প্রধান ফটকের কলাপসিবল গেট বন্ধ এবং তাতে তালা ঝুলছে। ভবনের ভেতরে এখনো হামলার স্পষ্ট চিহ্ন বিদ্যমান। ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচের টুকরা, ভাঙা কম্পিউটার এবং পুড়ে যাওয়া আসবাবপত্র থানার ক্ষতিগ্রস্ত কক্ষগুলোর করুণ দশা তুলে ধরছে। বিশেষ করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে চেয়ারের লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অবয়ব পড়ে থাকতে দেখা গেছে।
থানার বর্তমান পরিস্থিতি এবং পুলিশি সেবা পুনরায় চালু হওয়ার বিষয়ে জানতে ওসি ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। থানার কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও পুলিশি সেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে এলাকায় গত কয়েক দিনের রাজনৈতিক অস্থিরতার পর পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে নতুন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বৃষ্টির কারণে শুক্রবার সকাল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল বা ভাঙচুরের ঘটনাও ঘটেনি।
উপজেলার জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। খাবারের দোকানসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টুঙ্গিপাড়ার অভ্যন্তরীণ সড়কগুলোতে ভ্যান ও ইজিবাইক ছাড়া অন্যান্য যানবাহনের উপস্থিতি নেই বললেই চলে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, ফলে সড়কগুলো অনেকটা ফাঁকা। এছাড়া উপজেলার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল চোখে পড়েনি।
এরই মধ্যে শুক্রবার গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ তিন বাহিনীর প্রধান। তারা বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে গেলেও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করেননি। ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি স্থানীয় জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, 'আপনারা যদি চান যে আপনাদের আইনশৃঙ্খলা দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনারাই রক্ষা করেন।' যারা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে অবস্থান নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আইজিপি সার্বিক পরিস্থিতি ভালো আছে এবং আগামী দিনেও তা ভালো থাকবে বলে আশা প্রকাশ করেন।

























