যথাযথ মর্যাদা, শ্রদ্ধা ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও দেশের সমৃদ্ধি কামনা করে ফজর নামাজের পর সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের সূচিত হয়।
দিনের শুরুতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শিখা অনির্বাণে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বাজানো হয় করুণ সুর। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান শিখা অনির্বাণে এসে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। পরবর্তীতে মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে গমন করলে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকবৃন্দ। সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে সাতজন বীরশ্রেষ্ঠের নিকট আত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ যোগ দেন। সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করেন।
























