ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে পরাজয়ের ধারাবাহিকতায় নতুন ধাক্কা খেলেন 'দ্য রিং জেনারেল' খ্যাত অস্ট্রিয়ান রেসলার গুন্থার। ব্লু শোয়ের মূল ম্যাচে কেভিন ওয়েন্সের মুখোমুখি হয়ে চমকপ্রদ এক হারের শিকার হয়েছেন তিনি। এই পরাজয়ের মাধ্যমে ডাব্লিউডাব্লিউই-তে গুন্থারের আধিপত্যের পতন স্পষ্ট হয়ে উঠল।
স্ম্যাকডাউনের উদ্বোধনী পর্বে কেভিন ওয়েন্সকে বাধা দিয়ে রিংয়ে প্রবেশ করেন ইমপেরিয়ামের সাবেক দলনেতা গুন্থার। রিংয়ের ভেতর ওয়েন্সের ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেন তিনি, যার জবাবে 'দ্য প্রাইজফাইটার' ওয়েন্স রিং ছেড়ে বেরিয়ে যান। এরপর সামি জেইনের আনডিস্পিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের প্রতি নিজের দাবি জানান গুন্থার। তবে কিছু সময় পর ডাব্লিউডাব্লিউই কর্মকর্তা নিক অ্যালডিসকে সাথে নিয়ে ফিরে এসে গুন্থারের বিরুদ্ধে একটি ম্যাচের প্রস্তাব পেশ করেন ওয়েন্স।
রাতের মূল আকর্ষণ হিসেবে লড়াইয়ে নামেন সাবেক ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কেভিন ওয়েন্স এবং গুন্থার। দুই তারকার মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করেন দর্শকরা। ম্যাচের এক পর্যায়ে গুন্থার তার মারাত্মক 'গোজিরা ক্লাচ' সাবমিশন ধরলেও ওয়েন্স কোনোমতে রিংয়ের নিচের দড়ি ছুঁয়ে নিজেকে মুক্ত করেন। এরপর গুন্থারের লো ব্লু এড়িয়ে গিয়ে তাকে লক্ষ্য করে একটি শক্তিশালী 'ক্যাননবল সেন্টন' হাঁকান ওয়েন্স।
ম্যাচের চূড়ান্ত মুহূর্তে সৃষ্টি হয় চরম নাটকীয়তা। ক্যান্ডিস লেরে এবং জনি গারগানোর হস্তক্ষেপের কারণে রেফারি অন্যমনস্ক হয়ে পড়েন। সেই সুযোগে আচমকা উপস্থিত হয়ে সাবেক ইমপেরিয়াম নেতা গুন্থারকে লো ব্লু মারেন ফিন ব্যালর। রিংয়ের এই বিশৃঙ্খলার পূর্ণ সুযোগ কাজে লাগিয়ে গুন্থারকে 'স্টানার' বসিয়ে পিনফল অর্জন করেন কেভিন ওয়েন্স।
২০২৫ সালে দুর্দান্ত পারফর্ম করার পর চলতি বছরে একের পর এক ম্যাচে বড় ধাক্কা খাচ্ছেন গুন্থার। একক ও দলীয় প্রতিযোগিতা মিলিয়ে এ বছর তিনি কোডি রোডস, ফিন ব্যালর, সামি জেইন এবং কেভিন ওয়েন্সের কাছে পরাজয় বরণ করলেন। স্ম্যাকডাউনে ওয়েন্সের কাছে এই অপ্রত্যাশিত হার গুন্থারের ক্যারিয়ারে এক বড় অবনতি হিসেবে চিহ্নিত হচ্ছে।


























