মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া গাজা শান্তি পরিষদের এক জ্যেষ্ঠ উপদেষ্টা সতর্ক করে বলেছেন, ২০ দফা পরিকল্পনার আওতায় ইসরায়েল যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে গাজার দায়িত্ব আবারো জাতিসংঘের হাতে ফিরিয়ে দেওয়া হতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের নিয়োগ পাওয়া এবং হোয়াইট হাউসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন কাউন্সিলের উপদেষ্টা জশ গ্রুয়েনবাম ওয়াইনেটকে বলেন, তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ইসরায়েলকে যথেষ্ট সময় ও সুযোগ দিয়েছেন। তবে নির্বাচন শেষ হওয়ার পরও নেতানিয়াহুর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরায়েলের ব্যর্থতা হতাশাজনক বলে তিনি মন্তব্য করেন। গ্রুয়েনবাম আরও বলেন, ইসরায়েলের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি আর রক্ষা করতে না চায়, তবে শুধু তাদের তা জানিয়ে দিলেই হবে। সেক্ষেত্রে তারা গাজার চাবি জাতিসংঘের হাতে ফিরিয়ে দেবেন।
ওয়াইনেটের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ইসরায়েল সফর করা কাউন্সিলের সদস্যদের তৈরি একটি উপস্থাপনা তাদের হাতে এসেছে। উপস্থাপনার শেষ স্লাইডে ‘গাজার বিকল্প ভবিষ্যৎ’ শিরোনামে পরিকল্পনাটি পরিত্যক্ত হলে সম্ভাব্য কয়েকটি পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। এসব বিকল্পের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন ও কংগ্রেসের পক্ষ থেকে গাজার পুনর্গঠনে ভিন্ন পরিকল্পনা গ্রহণ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে গাজার দায়িত্ব গ্রহণ (সম্ভবত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর মাধ্যমে), ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) হাতে দায়িত্ব হস্তান্তর কিংবা হামাসের পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এছাড়া সর্বশেষ বিকল্প হিসেবে গাজার জনগণের প্রশাসনিক ও মানবিক ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব ইসরায়েলের ওপর বর্তানোর কথা উল্লেখ করা হয়েছে।
উপস্থাপনার আরেকটি স্লাইডে বলা হয়েছে, হামাস গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনাটি গ্রহণ করেছিল। সে সময় সংগঠনটি অস্ত্র সমর্পণ এবং গাজার শাসনক্ষমতা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-এর কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রস্তাবিত এই কারিগরি প্রশাসনিক কমিটির গাজার দায়িত্ব নেওয়ার কথা ছিল। গ্রুয়েনবাম অভিযোগ করে বলেন, বর্তমানে তারা একটি অচলাবস্থার মধ্যে রয়েছেন। এর কারণ হিসেবে তিনি জানান, নেতানিয়াহু সরকারের অভ্যন্তরের কিছু রাজনৈতিক পক্ষ তাদের অগ্রসর হতে বাধা দিচ্ছে। ফলে হামাস তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা যাচাই করার সুযোগও তারা পাচ্ছেন না।

























